তিন পার্বত্য জেলায় আজ আবার হরতাল
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে আন্দোলনরত চারটি সংগঠন আজ বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় আবারও হরতালের ডাক দিয়েছে। একই দাবিতে গতকাল বুধবার ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণ শ্রমিক পরিষদ ও সম-অধিকার আন্দোলন এ হরতালের ডাক দিয়েছে। সংগঠনগুলোর সমন্বয়কারী আক্কাছ আল-মামুন ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মো. আলমগীর হরতাল আহ্বানের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাঈন উদ্দিনের স্বাক্ষরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের (বৃহস্পতিবার) হরতালের পরও সংশোধিত আইনটি বাতিল করাসহ কার্যকরী পদক্ষেপ না নিলে কর্মসূচি আরও কঠোর থেকে কঠোরতর করা হবে।
এদিকে গতকাল হরতাল চলাকালে রাঙামাটিতে দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে লোকজনের সমাগম ছিল কম। রাঙামাটি শহরে হাটের দিন থাকলেও গ্রাম থেকে কেউ পণ্য নিয়ে না আসায় হাট বসেনি।
রাঙামাটির পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান বলেন, হরতালে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা যায়, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রাঙামাটি শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হেঁটে কর্মস্থলে যাচ্ছেন। শহরের ভেদভেদি, বনরূপা, কাঁঠালতলী, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলকায় হরতাল-সমর্থকেরা পিকেটিং করেছেন। তবে দুপুরের পর তেমন পিকেটিং দেখা যায়নি।
এদিকে খাগড়াছড়িতেও হরতাল ছিল শান্তিপূর্ণ। স্থানীয় সূত্র জানায়, সারা দিন বৃষ্টিতে কোথাও হরতাল-সমর্থকদের দেখা যায়নি। যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়নি। সরকারি-বেসরকারি কার্যালয়ে লোকজনের উপস্থিতি ছিল কম।
খাগড়াছড়ি জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রইছ উদ্দিন বলেন, হরতালে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬ ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বান্দরবানে শান্তিপূর্ণ হরতাল: হরতালে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। তবে জেলার সঙ্গে উপজেলার সড়কগুলোতে ছোট যানবাহন চলেছে। জেলা শহরে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। জেলা শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও খোলা ছিল।