তিন পার্বত্য জেলায় চারটি স্থলবন্দর প্রতিষ্ঠা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের ঘুমধুম, চাকঢালাসহ তিন পার্বত্য জেলায় চারটি স্থলবন্দর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল শুক্রবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে প্রস্তাবিত স্থলবন্দরের জায়গা পরিদর্শনের সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।
মন্ত্রী শাজাহান খান আরও বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও চাকঢালায় মিয়ানমারের সীমান্তে এবং রাঙামাটির বরকল উপজেলার ঠেগামুখ ও খাগড়াছড়ির রামগড়ে ভারত সীমান্তে স্থলবন্দর হবে। নাইক্ষ্যংছড়িতে দুটি স্থলবন্দর হলে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাড়াও পাশের কক্সবাজারের কয়েক লাখ মানুষ সরাসরি উপকৃত হবে।
নৌপরিবহনমন্ত্রী বলেন, দেশের নানা প্রান্তে ২৩টি স্থলবন্দরের মধ্যে ১০টিতে পুরোদমে কাজ চলছে। বিএনপি সরকারের আমলে কাগজে-কলমে ১২টি থাকলেও চালু ছিল মাত্র দুটি।
সাম্প্রতিক পরিবহন ধর্মঘটের সঙ্গে তাঁর জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী বলেন, ২০১৫ সালে যখন আন্দোলনের নামে পরিবহনে আগুন দিয়ে মানুষ হত্যা করা হচ্ছিল, তখন সেই অরাজকতা বন্ধ করতে প্রধানমন্ত্রী তাঁকে দায়িত্ব দিয়েছিলেন। শ্রমিকদের সঙ্গে নিয়ে জীবনের ঝুঁকিকে উপেক্ষা করে পরিবহনব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন। সেই ভালো কাজের জন্য যারা প্রশংসা করতে পারেনি, তাঁর কোনো কাজে তাদের প্রশ্ন তোলার নৈতিক অধিকার নেই।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহনসচিব অশোক মাধব রায়, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আলাউদ্দিন ফকির, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন, বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরোয়ার কামাল।
পরে নৌপরিবহনমন্ত্রী নির্মাণাধীন বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের কাজ পরিদর্শন করেন।
দুপুরে মন্ত্রী শাজাহান খান কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন।