তিন পার্বত্য জেলায় দুই দিনের হরতাল
পুলিশ বিভাগ পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরের সরকারি সিদ্ধান্ত ও পার্বত্য চুক্তি বাতিলের দাবিতে পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের পাঁচটি সংগঠন যৌথভাবে পার্বত্য তিন জেলায় টানা দুই দিনের হরতাল এবং মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে।গতকাল সোমবার বেলা ১১টায় রাঙামাটি শহরের বনরুপার রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, কেন্দ্রীয় বাঙালি ছাত্র ঐক্য পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য বাঙালি যুব আন্দোলন।সংবাদ সম্মেলনে আগামী বুধ ও বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় টানা হরতাল এবং মঙ্গলবার জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পার্বত্য গণপরিষদের সভাপতি জালাল উদ্দিন আহাম্মদ চৌধুরী এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী মো. জাহাঙ্গীর কামাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাঙালি ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হান্নান, বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মো. আবদুল মান্নান, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জ্বল পাল প্রমুখ।