তিন পার্বত্য জেলায় পুলিশের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণবিক্রম কিশোর ত্রিপুরা বলেছেন, তিন পার্বত্য জেলায় পুলিশের কাজের পরিধি সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতার আওতা বাড়ানো হচ্ছে।পার্বত্য জেলার থানাগুলোতে আদিবাসী পুলিশ-সদস্য পদায়ন করা ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন তহবিল (সিএইচটিডিএফ) থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন সহযোগিতা দেওয়া হবে।রোববার বান্দরবান পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে তিন পার্বত্য জেলার এসপি ও ইউএনডিপির কর্মকর্তাদের সঙ্গে এ-সংক্রান্ত বৈঠক শেষে সচিব এ কথা বলেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা বৈঠকে পুলিশের চট্টগ্রামের উপমহাপরিদর্শক (ডিআইজি) নওশের আলী, বান্দরবানের এসপি কামরুল আহসান, রাঙামাটির এসপি মাসুদুর হাসান, খাগড়াছড়ির ভারপ্রাপ্ত এসপি জয়নাল আবেদিন, ইউএনডিপির সিএইচটিডিএফের প্রকল্প পরিচালক হেনরিক লারসেন, বান্দরবানের কর্মসূচি সমন্বয়কারী খুশীরায় ত্রিপুরাসহ পার্বত্য মন্ত্রণালয় ও ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।হেনরিক লারসেন প্রথম আলোকে বলেন, ইউএনডিপি রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—তিন পার্বত্য জেলায় স্বাস্থ্য, শিক্ষাসহ কয়েকটি বিষয়ে কাজ করছে। এর মধ্যে পুলিশকে সহযোগিতাও একটি অংশ। এ অংশে পুলিশকে পার্বত্য এলাকায় কাজের উপযোগী সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, আনুষঙ্গিক উপকরণ (লজিস্টিকস) সরবরাহ, সামাজিক পুলিশব্যবস্থাসহ (কমিউনিটি পুলিশিং) বিভিন্নভাবে সহযোগিতা দেওয়া হয়ে থাকে। সচিব বলেন, দ্রুত সেবা দেওয়ার জন্য তিন পার্বত্য জেলার প্রত্যেকটিতে পুলিশকে ১৫টি করে মোটরসাইকেল, তিন জেলায় প্রতিবছর সামাজিক পুলিশি ব্যবস্থার জন্য এক হাজার ডলার করে ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন তহবিলের প্রকল্প থেকে দেওয়া হবে। আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে কাজের সুবিধার্থে প্রত্যেক থানায় কমপক্ষে তিনজন বিভিন্ন পদের আদিবাসী পুলিশের পদায়ন করা হবে।