তিন পার্বত্য জেলায় বাঙালি সংগঠনের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। আজ বুধবার কয়েকটি বাঙালি সংগঠনের ডাকে এ হরতাল পালিত হয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণশ্রমিক পরিষদ ও সম-অধিকার আন্দোলন নামের সংগঠনগুলো এই হরতালের ডাক দেয়। আজকের হরতাল পালনের পর আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তা বাড়ানো হয়েছে।

বুধবার হরতালে রাঙামাটিতে দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব যানবাহন চলাচলও বন্ধ ছিল। সকাল থেকে রাঙামাটি শহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের হেঁটে কর্মস্থলে যেতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ১০ উপজেলার সব কটিতে হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

রাঙামাটি পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান বলেন, হরতালে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

আগামীকাল বৃহস্পতিবারও তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে বলে জানিয়েছেন বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মো. আলমগীর।

এদিকে খাগড়াছড়িতেও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে সকাল-সন্ধ্যা হরতাল। দূরপাল্লার বাস চলাচল করেনি। শহরে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিক্ষিপ্তভাবে মিছিল-সমাবেশ হয়েছে।

খাগড়াছড়ি বাস মালিক সমিতির সভাপতি এস এম সফি বলেন, ‘হরতালে আমাদের কোনো বাস চলেনি।’

খাগড়াছড়ি পুলিশ সুপার মজিদ আলী বলেন, শহরে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল।

২০০১ সালে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন জাতীয় সংসদে পাস হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদসহ বিভিন্ন পাহাড়ি সংগঠন পার্বত্য চুক্তির সঙ্গে আইনটির বিরোধাত্মক ২৩টি ধারা সংশোধনের দাবি জানায়। পরে তা পর্যালোচনা করে ১৪টি ধারা পরিবর্তনে সরকার ও আঞ্চলিক পরিষদ সম্মত হয়। তবে আইনটি সংশোধন না হওয়ায় পার্বত্য ভূমি কমিশনের কার্যক্রম দীর্ঘ দেড় দশক অচলাবস্থায় আছে। ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধন) ২০১৬ চূড়ান্ত অনুমোদন লাভ করে।

তবে বাঙালিদের অভিযোগ, পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনের ফলে পার্বত্য চট্টগ্রামের লাখ লাখ বাঙালি পরিবার ভূমির মালিকানা হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়বে। সংশোধনী আইনটি জাতীয় সংসদে পাস না করতে বাঙালি সংগঠনগুলো সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আইনটি সংশোধন করা হলে পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এই এলাকার শান্তি বিঘ্নিত হবে।