তিন পার্বত্য জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের কিছু অংশ নিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে৷ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বান্দরবানের চিম্বুক পাহাড়ে চিম্বুক-থানচি সড়ক উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গতকাল শুক্রবার এ কথা বলেন৷
মুস্তফা কামাল বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনার আওতায় পর্যটন গ্রাম স্থাপন ও কৃষিভিত্তিক উন্নয়নে বিশেষ আর্থিক বিনিয়োগের মাধ্যমে এ অঞ্চলের দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম অঞ্চলে পরিণত করা হবে৷
সেনাবাহিনীর ১৬ ও ১৭ প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন ৪৪ কিলোমিটার দীর্ঘ চিম্বুক-থানচি সড়কটি প্রায় দুই দশক ধরে নির্মাণ করেছে৷ জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড় চূড়া এলাকায় সড়কটির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের৷ তিনি বলেন, পার্বত্যচুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিটি এলাকায় সংযোগ সড়ক নির্মাণ করে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে৷
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং, সেনাবাহিনীর প্রকৌশল কোরের প্রধান মেজর জেনারেল আবদুল কাদির, বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা প্রমুখ৷
সেনাবাহিনী সূত্র জানায়, সেনা প্রকৌশল বিভাগ পার্বত্য চট্টগ্রামে আরও আটটি নতুন সড়ক নির্মাণ করবে৷
সড়ক উদ্বোধন শেষে দুই মন্ত্রী সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে কক্সবাজারে যান৷