তিন পার্বত্য জেলায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি ভাতার দাবিতে পার্বত্য রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার বেসরকারি কলেজ, বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছেন। এতে ওই তিন জেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ক্লাস হয়নি। অবিলম্বে দাবি মানা না হলে লাগাতার কর্মবিরতি পালনসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে শিক্ষকনেতারা জানিয়েছেন।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক-কর্মচারী সূত্র জানায়, পার্বত্যাঞ্চলে কর্মরত সরকারি, আধাসরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা প্রণোদনা ভাতা হিসেবে সবাই মূল বেতনের অতিরিক্ত ৩০ শতাংশ পাহাড়ি ভাতা পান। কিন্তু নিবন্ধিত ও এমপিওভুক্ত বেসরকারি কলেজ, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষকেরা রাজস্ব খাত থেকে শতভাগ বেতন পেলেও তাঁরা কোনো পাহাড়ি ভাতা পান না।বেসরকারি শিক্ষক-কর্মচারী সমন্বয় কমিটির বান্দরবান জেলা শাখার সভাপতি আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘একই পার্বত্যাঞ্চলে কাজ করা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। এটি শুধু বেতন কম হওয়ার বিষয় নয়, আমাদের জন্য অসম্মানজনকও বটে। এ জন্য এই বৈষম্যমূলক ও শিক্ষকদের মর্যাদাহানিকর ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।’ তিন পার্বত্য জেলায় এমপিওভুক্ত ২৫৭টি বেসরকারি কলেজ, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় প্রায় দেড় হাজার শিক্ষক ও এক হাজার কর্মচারী কর্মরত রয়েছেন। এ ছাড়া এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছে আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। খাগড়াছড়ি শিক্ষক-কর্মচারী সমন্বয় কমিটির সভাপতি অসিত বরণ চাকমা বলেন, ‘এসব শিক্ষাপ্রতিষ্ঠানে দেড় লক্ষাধিক ছেলেমেয়ে পড়াশোনা করছে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি হবে ভেবে কঠোর আন্দোলনে না গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করছি। উচ্চপর্যায়ে আশ্বাস ও নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয়ের আমলারা ঝামেলা পাকাচ্ছেন।’ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মোমেনা মণি প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পাহাড়ি ভাতার ব্যাপারে মতামত চাওয়া হয়েছিল। অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা পার্বত্য এলাকায় বদলি হতে চান না বলে সেখানে যাওয়ার জন্য উদ্দীপনামূলক পাহাড়ি ভাতা দেওয়া হয়। কিন্তু বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য নয়। তাঁরা এটা জেনেই পার্বত্যাঞ্চলে চাকরি নিয়েছেন। এ জন্য তাঁদের পাহাড়ি ভাতা দেওয়ার প্রয়োজন নেই বলে গত ১০ ডিসেম্বর মন্ত্রণালয়কে মতামত দেওয়া হয়েছে।