তিন পার্বত্য জেলায় ম্যালেরিয়ার প্রকোপ কমেছে
তিন পার্বত্য জেলায় ম্যালেরিয়ার প্রকোপ কমেছে। খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে গতকাল মঙ্গলবার ম্যালেরিয়াবিষয়ক আলোচনা সভায় এ কথা বলা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংস্থা ব্র্যাকের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন নিশীথ নন্দী মজুমদার। তিনি বলেন, একসময় পার্বত্য জেলাগুলোতে প্রচুরসংখ্যক ম্যালেরিয়া রোগী ছিল। বর্তমানে এ সংখ্যা কমে এসেছে। তবে শুধু সরকার কিংবা বেসরকারি সংস্থার (এনজিও) উদ্যোগে ম্যালেরিয়া কমানো যাবে না। জনপ্রতিনিধিদের মাধ্যমে দুর্গম এলাকার মানুষকে সচেতন করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির বিভাগীয় বিশেষজ্ঞ শাদাৎ বকতি, খাগড়াছড়ি সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক নয়ন ময় ত্রিপুরা, জয়া ত্রিপুরা প্রমুখ।
ব্র্যাকের তথ্য অনুযায়ী, দেশের ১৩টি জেলা ম্যালেরিয়ার ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো তিন পার্বত্য জেলা। ২০১৩ সালে সারা দেশে ৫১ হাজার ৭৭৫ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। তাদের মধ্যে মৃত্যু হয় ৩৬ জনের। ওই বছর তিন পার্বত্য জেলায় ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮ জন। মৃত্যু হয় ৩২ জনের।
চলতি বছর ম্যালেরিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৩১ জনে। মৃত্যু হয়েছে ১৭ জনের। তিন পার্বত্য জেলায় আক্রান্ত ২২ হাজার ৭৭৬ জন।