তিন পার্বত্য জেলায় শান্তিপূর্ণ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঙালি পাঁচ সংগঠনের ড​াকা হরতালে খাগড়াছড়ি বাস টার্মিনাল থেকে কোনো গাড়ি ছেড়ে যায়নি। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
বাঙালি পাঁচ সংগঠনের ড​াকা হরতালে খাগড়াছড়ি বাস টার্মিনাল থেকে কোনো গাড়ি ছেড়ে যায়নি। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা আহ্বানের প্রতিবাদে এবং কমিশন আইনের সংশোধনী আইন বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় ছয়টি বাঙালি সংগঠনের ডাকা সকাল সন্ধ্যা-হরতাল গতকাল রোববার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল সত্ত্বেও রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে। অবশ্য সভাটি নির্ধারিত স্থান রাঙামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ের পরিবর্তে রাঙামাটি সার্কিট হাউসে হয়েছে।
পার্বত্য ভূমি কমিশনের সভাস্থল ঘেরাও করার কর্মসূচি থাকলেও শেষ পর্যন্ত সে অবস্থা থেকে সরে আসে হরতাল আহ্বানকারী সংগঠনগুলো। পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, পার্বত্য ছাত্র ঐক্য পরিষদ গত শনিবার রাঙামাটি শহরে সংবাদ সম্মেলন করে হরতালের ডাক দেয়।
রাঙামাটিতে হরতাল চলাকালে সড়ক ও নৌপথে কোনো যানবাহন চলেনি। দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। অফিস-আদালত ও ব্যাংক-বিমা প্রতিষ্ঠানে লোকজনের উপস্থিতি কম ছিল।

সকাল থেকে রাঙামাটি শহরের ভেদভেদি, কলেজ গেট, বনরূপা, কাঁঠালতলী, পুরাতন বাসস্ট্যান্ড, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয় এলাকা, রিজার্ভ বাজার ও তবলছড়িতে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা জড়ো হন। যানবাহন না চলায় জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া লোকজনকে হেঁটে নিজ নিজ গন্তব্যে আসা-যাওয়া করতে হয়েছে।

রাঙামাটি পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান বলেন, হরতালে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

২০০১ সালে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংসদে পাস হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদসহ বিভিন্ন পাহাড়ি সংগঠন পার্বত্য চুক্তির সঙ্গে আইনটির ২৩টি ধারা বিরোধপূর্ণ উল্লেখ করে সংশোধনের দাবি জানায়। পরে পর্যালোচনা করে ১৪টি ধারা পরিবর্তনে সরকার ও আঞ্চলিক পরিষদ সম্মত হয়। গত ১ আগস্ট পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধন) ২০১৬ অনুমোদন দেয় মন্ত্রিসভা। গত ৮ আগস্ট তা গেজেট আকারে প্রকাশিত হয়। এর প্রতিবাদে পাঁচটি বাঙালি সংগঠনের ডাকে ১০ ও ১১ আগস্ট তিন পার্বত্য জেলায় হরতাল পালিত হয়।

পার্বত্য গণপরিষদের পক্ষ থেকে গতকাল বিকেলে সাংবাদিকদের কাছে ই-মেইলে পাঠানো বিবৃতিতে বলা হয়, সরকার ও প্রশাসনের সঙ্গে কথা বলে বাঙালিরা আশ্বাস ছাড়া আর কিছু পায়নি। বিবৃতিতে অভিযোগ করা হয়, ভূমি কমিশন আইন অনুযায়ী পার্বত্য বাঙালিদের ভূমির বন্দোবস্তি বাতিল করা যাবে। এ ছাড়া দখল করা ভূমি থেকেও বাঙালিদের উচ্ছেদ করতে পারবে।

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে গতকাল শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। শহরের দোকানপাট খোলেনি, রিকশা ও টমটম চলাচল বন্ধ ছিল। শহরের বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল বের করেন নেতা-কর্মীরা।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ্ উদ্দিন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

বান্দরবান: হরতালের সমর্থনে শহরে বাঙালি সংগঠনের নেতা-কর্মীদের তৎপরতা দেখা যায়নি। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছিল। জেলা পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মিলন দাশ বলেন, হরতালের ব্যাপারে কোনো সংগঠন থেকে তাঁদের কিছু জানানো হয়নি। এ জন্য তারা সকাল থেকে জেলার সব সড়কে যানবাহন চলেছে।

সদর থানার ওসি রফিক উল্লাহ বলেন, হরতালে সব স্বাভাবিক ছিল।

{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে রাঙামাটি অফিস, বান্দরবান ও খাগড়াছড়ি প্রতিনিধি}