তিন পার্বত্য জেলায় শান্তিপূর্ণ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলায় টানা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন গতকাল বুধবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। শুধু খাগড়াছড়িতে বিক্ষোভ ছাড়া বাকি দুই জেলায় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন, ২০১৩ জাতীয় সংসদে তোলার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ এই হরতাল ডাকে।খাগড়াছড়ি প্রতিনিধি জানান, ভোরে খাগড়াছড়ি সদরের চেঙ্গি স্কয়ার-সংলগ্ন খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বাঙালি ছাত্র পরিষদের কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ শুরুর কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। বাঙালি গুচ্ছগ্রাম-অধ্যুষিত এলাকা খাগড়াছড়ি সদরের গামারিঢালা, মহালছড়ি উপজেলার মাইসছড়ি, জয়সেন পাড়া ও কালা পাহাড় এলাকায় পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত আটটায় পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় হরতাল-সমর্থকেরা উপজেলা যুবলীগের সভাপতি আল আমিনের ওপর হামলা চালিয়ে তাঁর ব্যবহূত মোটরসাইকেলটি ভাঙচুর করেন। এদিকে, রাঙামাটিতে গতকাল শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। হরতালে বান্দরবানের জনজীবনও স্বাভাবিক ছিল।রংপুরে আজকের হরতাল প্রত্যাহার: রংপুর থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, গ্রেপ্তার করা যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ডাকা আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। রংপুরের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গত রোববার জেলা যুবদল, স্বেছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ হরতাল আহ্বান করেছিল।