তিন পার্বত্য জেলায় স্যানিটেশন উন্নয়নে বড় বাধা পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলায় (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) স্যানিটেশন উন্নয়নে সবচেয়ে বড় বাধা পানির সংকট। এ পর্যন্ত তিন জেলায় ২২ হাজার ১৩৩টি পানির উৎসস্থল সরবরাহ অবকাঠামো স্থাপন করা হয়েছে। কিন্তু স্যানিটেশন উন্নয়ন নিশ্চিত করতে হলে আরও ব্যাপকভাবে পানির উৎসস্থল ও সরবরাহ অবকাঠামো সমপ্রসারণ করতে হবে। গতকাল রোববার বান্দরবানে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় ‘পার্বত্য চট্টগ্রামে পানি সরবরাহ ও স্যানিটেশনের অবস্থা’ শীর্ষক উপস্থাপনায় এ কথা বলা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিনহিল যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ডিপিএইচইর নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন, গ্রিনহিলের নির্বাহী পরিচালক মংথোয়া মারমা প্রমুখ। কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তারা বলেছেন, তিন পার্বত্য জেলায় স্যানিটেশনের সবচেয়ে বড় বাধা পানির সংকট।