রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আজ বুধবার ও কাল বৃহস্পতিবার এবং বান্দরবানে শুধু বৃহস্পতিবার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম। ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা গত সোমবার খাগড়াছড়িতে এক সমাবেশে এ ঘোষণা দেন।ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নিকোলাস চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়। পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যানের একতরফা শুনানি বাতিল ও ভূমি কমিশন আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবিতে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরী ২ মে খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২৩ ও ২৪ মে আইনের বিশেষ বিধানের মাধ্যমে ভূমিবিরোধ নিষ্পত্তির শুনানির ঘোষণা দেওয়ার পর থেকে পাহাড়িদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী অগণতান্ত্রিকভাবে শুনানি কার্যক্রম শুরু করা হলে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এদিকে ভূমি কমিশনের চেয়ারম্যান কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে খাগড়াছড়িতে ভূমি কমিশনের কার্যালয়ে পৌঁছান। কমিশনের সচিব আবদুল হামিদ জানান, শুনানির কার্যক্রমসংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত কমিশনের চেয়ারম্যানই নেবেন।খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল আসাদ মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ‘কমিশনের চেয়ারম্যান এমনিতেই পুলিশি এসকট পান। এবারও একই রকম নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’সোমবার দুপুরে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারের ইউপিডিএফ কার্যালয়ের সামনে গণতান্ত্রিক যুব ফোরামের সমাবেশে বক্তারা বলেন, ভূমি কমিশনের চেয়ারম্যানের ভূমিবিরোধ নিষ্পত্তির শুনানি পাহাড়ি জনগণ কোনো অবস্থাতে মেনে নেবে না। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমেন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রীনা চাকমা।সেমিনার: খাগড়াছড়ি সদরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হলে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা নিয়ে গতকাল এক সেমিনার অনুষ্ঠিত হয়। নির্বাচিত জুমঞ্চ জনপ্রতিনিধি সংসদ আয়োজিত এ সেমিনারে বক্তারা বলেন, ১৯৯৭ সালে স্বাক্ষরিত চুক্তিতে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সম্পূর্ণভাবে নিষ্পত্তি করা হয়নি। এ কারণে ভূমি বেদখল ও পাহাড়ে সাম্প্রদায়িক হামলা অব্যাহত রয়েছে। তাই পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১ সংশোধনের মাধ্যমে দ্রুত পাহাড়ের ভূমিবিরোধ নিষ্পত্তি এবং বন ও ভূমির ওপর পার্বত্য চট্টগ্রামের জনগণের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে হবে।সংগঠনের খাগড়াছড়ি জেলা সভাপতি ও মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোনারতন চাকমার সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক ছাত্রনেতা মিঠুন চাকমা।