তিন পার্বত্য জেলায় ৩৬ ঘণ্টা হরতালের সমর্থনে মিছিল
পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন সংশোধন ও অনির্বাচিত জেলা পরিষদের কাছে পুলিশ বিভাগ হস্তান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে তিন পার্বত্য জেলায় আজ বুধবার সকাল ছয়টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা হরতালের সমর্থন দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া এক বিক্ষোভ মিছিলের পরে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলার সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য শাহাজল ইসলাম, মাসুম রানা, রাসেল প্রধান, আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন।সমাবেশে বক্তারা বলেন, সরকার ভূমি বিরোধ আইন সংশোধনের নামে পাহাড় থেকে বাঙালিদের বিতাড়িত করার গভীর ষড়যন্ত্র করছে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর স্বার্থ-সংরক্ষণ করা না হলে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ পাহাড়ের বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।উল্লেখ্য, সোমবার দুপুরে রাঙামাটিতে সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে চারটি বাঙালি সংগঠন তিন পার্বত্য জেলায় ৩৬ ঘণ্টার হরতাল আহ্বান করে।