জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার রসায়ন ও গণিত বিভাগের দ্বিতীয় এবং বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পৃথক এসব পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে নানা আয়োজনে ক্যাম্পাস ছিল উত্সবমুখর। সকাল সাড়ে নয়টার দিকে গণিত ও বেলা ১১টার দিকে রসায়ন বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য শরীফ এনামুল কবির। পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মুনিরুজ্জামান, সহ-উপাচার্য (প্রশাসন) ফরহাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন প্রমুখ। গণিত বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আ ফ ম খোদাদাদ খান, মকবুল হোসেন ও নুরুল আলম খানকে এবং রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফরিদা আখতার ও এ বি এম মুস্তাফিজুর রহমান, ইলিয়াস মোল্লা ও মোবারক আহমদ খানকে সম্মাননা দেওয়া হয়। একই দিনে বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে ১৮তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।