তিন পুরুষ বাঘের পেটে
দাদা হাছিম গাজীর পর গেলেন বাবা শহর আলী গাজী। এবার বাঘের আক্রমণে বনজীবী হারেজ আলী গাজী (৫৫) নিজেই প্রাণ হারালেন। ছেলেসহ চার সহযোগীকে নিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে মারা গেলেন তিনি।গতকাল রোববার সকাল সাড়ে ছয়টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের গোলাখালীসংলগ্ন ভাড়াখালীতে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামে।নিহত ব্যক্তির ছেলে হাফিজুর রহমান জানান, শনিবার সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে তাঁর বাবার নেতৃত্বে তিনিসহ একই গ্রামের শাহিনুর ইসলাম, নূরুল ইসলাম ও মোসলেম গাজী সুন্দরবনে মাছ ধরতে যান। গতকাল ভোরে মাছ ধরা শেষে নৌকায় রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু জ্বালানি কাঠ ছিল না। কাঠ আনতে নৌকা থেকে নেমে বনে ঢুকতেই দুর্ঘটনাটি ঘটে। বনজীবী শাহিনুর ইসলাম ও মোসলেম গাজী জানান, বনে ঢুকে দা হাতে হারেজ গাজী আগে আগে হাঁটছিলেন। মাত্র চার-পাঁচ মিনিট হাঁটার পর হঠাৎ একটি বাঘ নূরুল ইসলামের মাথার ওপর দিয়ে লাফিয়ে গিয়ে হারেজ গাজীকে আক্রমণ করে। বাঘটি তাঁর গলা কামড়ে ধরে। ঘটনার আকসিঞ্চকতায় তাঁরা ভীত হয়ে পড়লেও বাবাকে বাঘের কবল থেকে রক্ষা করতে হাতে থাকা বৈঠা নিয়ে হাফিজুর বাঘটিকে পেটাতে থাকেন। বাঘ হারেজকে ছেড়ে না দিয়েই হাফিজুরের ওপর আক্রমণের চেষ্টা চালায়। মাঝে মিনিট তিনেক সময় পেরিয়ে যায়। আতঙ্ক কাটিয়ে তাঁরাও লড়াইয়ে শামিল হন। চারজনের প্রতিরোধের মুখে পিছু না হটে বাঘটি হারেজ গাজীকে নিয়ে বনের গহিনে চলে যায়। আড়াই ঘণ্টা পর সকাল নয়টার দিকে টাইগার রেসপন্ডস টিমের ওসমান গনি, মুজিবুল হকসহ গ্রামবাসীর সহায়তায় হারেজের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করা হয়। কৈখালী স্টেশনের কর্মকর্তা মো. আলাউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সমপ্রতি বাঘের আক্রমণ বেড়ে গেছে। শনিবারও একজন জেলে বাঘের আক্রমণে মারা গেছেন।