তিন পুরুষের বিউটি লাচ্ছি

সময়টা ১৯২২ সাল। শুরু করেছিলেন লেবুর শরবত দিয়ে। পরে যুক্ত করেন লাচ্ছি। এরপর ফালুদা। আর পেছনে ফিরে তাকাতে হয়নি আবদুল আজিজকে। দোকানের নাম রাখেন বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা। একনামে এখন সবাই চেনে এই দোকান।
আবদুল আজিজের হাত ধরে ব্যবসায় হাল ধরেন ছেলে গফফার মিয়া। ১৫ বছর আগে মারা যান গফফার মিয়া। তাঁর উত্তরসূরি হিসেবে দোকানের হাল ধরেছেন ছেলে জাবেদ হোসেন।
বিউটি লাচ্ছির এই দোকান পুরান ঢাকার জনসন রোডে। তার পাশেই ঢাকার আদালতপাড়া। রোজ সকাল নয়টায় দোকান খোলে। বন্ধ হয় রাত ১২টায়। সব সময় ভিড় লেগেই থাকে। দোকানের সামনের অংশে লাচ্ছি বানানো হয়। পেছনে বানানো হয় ফালুদা। দোকানমালিক জাবেদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা তিন পুরুষ ধরে লাচ্ছি-ফালুদা বিক্রি করছি। দাদা আজিজ গোড়াপত্তন করে গেছেন। আমি চাই আমার ছেলেও এই ব্যবসা ধরে রাখুক।’
ফালুদা কিনতে এসেছেন ফারুকুল আলম। তিনি পুরান ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজের কর্মকর্তা। তিনি প্রথম আলোকে বলেন, পুরান ঢাকায় বড় হয়েছেন। ছোটবেলায় বাবার সঙ্গে আসতেন লাচ্ছি খেতে। বড় হওয়ার পরও মাঝেমধ্যে আসেন। নিজে খেয়ে পরিবারের জন্য প্যাকেট করে নিয়ে যান। বিউটির লাচ্ছি একেবারে আলাদা।
দোকানের কারিগর জাকির হোসেন ৩৪ বছর ধরে লাচ্ছি ও ফালুদা তৈরি করছেন। তিনি বললেন, ফালুদার প্রধান উপকরণ দুধের মালাই। লাচ্ছি কিংবা ফালুদা তৈরির উপকরণে কোনো কৃত্রিম রাসায়নিক উপকরণ ব্যবহার করেন না। এ কারণে বিউটির লাচ্ছি-ফালুদার এত নামডাক। ফালুদা তৈরি করা হয় নুডলস, সাগুদানা, কলা, দুধের মালাই, খোরমা খেজুর, কিশমিশ, আনার, আপেল, চেরি ফল, চিনির শিরা ও মধু দিয়ে। জাকির বললেন, বাজারের নুডলস নয়, নিজেদের তৈরি করা নুডলস ব্যবহার করেন ফালুদা তৈরিতে।
ফালুদা আছে দুই রকম—নরমাল ফালুদা আর স্পেশাল ফালুদা। নরমাল ফালুদার দাম ৬০ টাকা, স্পেশালের ৮০ টাকা। লাচ্ছিও দুই ধরনের। স্পেশাল ৪০ টাকা। নরমাল ৩০ টাকা।
দোকানের ব্যবস্থাপক শাকিল আহমেদ প্রথম আলোকে বলেন, গরম পড়লে বেচাকেনা বেড়ে যায়। আদালত খোলা থাকলে বেচাকেনা বেশি হয়। আদালতের বিচারক থেকে শুরু করে বড় বড় আইনজীবী এই দোকানের ফালুদা খান। দূরের লোকজনও আসে ফালুদা কিনতে।
দোকানের দেয়ালে টাঙিয়ে রাখা আবদুল গফফার মিয়ার ছবির দিকে তাকিয়ে দোকানের কর্মচারী আমির হোসেন বলেন, ‘দোকান শুরু হয়েছিল ব্রিটিশ আমলে। এখনো চলছে। ভাবতেও ভালো লাগে।’
বনানী ও নাজিরাবাজারে বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদার শাখা রয়েছে। লালবাগেও আরেকটি শাখা খোলা হচ্ছে বলে জানান দোকানের মালিক জাবেদ।