তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় দাউদ হোসেন নামের এক কৃষককে বাড়ি থেকে ধরে নিয়ে সন্ত্রাসী বলে ক্রসফায়ারে হত্যা করার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

৬ নভেম্বর রোববার কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মিজানুর রহমান এ পরোয়ানা জারি করেন। তবে আজ রোববার বিষয়টি জানাজানি হয়। যে তিনজনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তাঁরা হলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপপরিদর্শক (এসআই) জালাল হোসেন ও ফারুক হোসেন।

মামলার বাদী রোমেছা খাতুনের বড় ভাই সরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আজ রোববার ওই আদেশের কপি তুলেছেন। এটি আরও আগেই পাওয়ার কথা ছিল। এ বিষয়ে কুষ্টিয়া আদালত পুলিশের পরিদর্শক রতন শেখ বলেন, এ রকম একটি আদেশ হয়েছে। তবে সে আদেশের কপি তিনি এখনো হাতে পাননি।

দাউদ হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৯ জানুয়ারি কুষ্টিয়া সদর উপজেলার কৃত্তিনগর গ্রামে ডাকাতির ঘটনার সময় কৃষক দাউদ হোসেন বাড়ির বাইরে বের হলে পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। পরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর এলাকায় ওসির নির্দেশে এক এসআই দাউদকে গুলি করে হত্যা করেন। এ ঘটনার পর নিহত ব্যক্তির স্ত্রী রোমেছা খাতুন ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে তিনি কুষ্টিয়া আদালতে ওসিসহ তিনজনকে আসামি করে একটি মামলা করেন।

মামলাটি তদন্ত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলে পুলিশ আদালতে এফআরটি (আসামিদের অব্যাহতির আবেদন) দাখিল করে। এর বিরুদ্ধে রোমেছা খাতুন আদালতে একটি নালিশি আরজি করেন। পরে আদালত সেটি বিচারিক তদন্তে পাঠায়। বিচারিক তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শেষে সিআর ৯৬/১৬ নম্বর মামলা হিসেবে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়।

৬ নভেম্বর আদালত ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ রোববার আদেশের বিষয়টি ভুক্তভোগী পরিবার জানতে পারে।