তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার সদর উপজেলায় এক কৃষককে ‘ক্রসফায়ারের’ মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে ৬ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
পুলিশের তিন কর্মকর্তা হলেন ওসি আনোয়ার হোসেন, উপপরিদর্শক জালাল হোসেন ও ফারুক হোসেন।
২০০৭ সালের জানুয়ারিতে সদর উপজেলার কৃত্তিনগর গ্রামের দাউদ হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরিবারের সদস্যদের অভিযোগ, ২০০৭ সালের ১৯ জানুয়ারি গ্রামে ডাকাতির সময় দাউদ হোসেন বাড়ির বাইরে বের হলে পুলিশ ধরে নিয়ে যায়। পরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার মধুপুর এলাকায় তাঁকে মারধর করে। একপর্যায়ে ওসি আনোয়ার হোসেনের নির্দেশে তাঁকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দাউদ হোসেনের স্ত্রী রোমেছা খাতুন ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ নেয়নি। পরে তিনি আদালতে ওসিসহ তিনজনকে আসামি করে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় পাঠানো হলে পুলিশ আদালতে এফআরটি (আসামিদের অব্যাহতি) দাখিল করে। এর বিরুদ্ধে রোমেছা খাতুন আদালতে একটি নালিশি আরজি করেন। পরে আদালত সেটি বিচারিক তদন্তে পাঠান।
রোমেছা খাতুনের ভাই সরোয়ার হোসেন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে মামলার কোনো অগ্রগতি ছিল না। গতকাল মামলার বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পারি, ৬ নভেম্বর ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’
বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক রতন শেখ বলেন, কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মিজানুর রহমান এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদেশের লিখিত কপি পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।