তিন পুলিশ কর্মকর্তার শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রুবেল
মো. রুবেল

রাজধানীর মিরপুর মডেল থানায় চুরি ও মারামারির অভিযোগে দায়ের করা একটি মামলায় ১১ মাসের শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার অভিযোগে পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ সদর দপ্তর। সতর্ক করে দেওয়া হয়েছে পুলিশের আরও দুই কর্মকর্তাকে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হকের নির্দেশে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত, মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে এপিবিএন মহালছড়িতে সংযুক্ত এবং মিরপুর জোনের এসি কাজী মাহবুবুল আলমকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হচ্ছে। এ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হচ্ছে। মিরপুর জোনের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনারকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।

৯ মে প্রথম আলোতে ‘১০ মাসের শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র!, তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, মিরপুর থানার একটি মারামারি ও চুরির মামলায় মো. রুবেল নামের ১০ মাসের এক শিশুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ঘটনার সময় তার বয়স ছিল মাত্র ২৮ দিন। শিশুটিকে গত ৩০ এপ্রিল হাজির করার পর তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তাকে আদালত তলব করেন।