তিন পুলিশ কর্মকর্তারও বিচার হওয়া দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানকে কাছে পেয়ে ছেলে হত্যার বিচার চাইলেন সামিউলের বাবা-মা। গতকাল সামিউলদের বাড়ি সিলেট সদর   উপজেলার বাদেয়ালি গ্রামে যান তিনি l ছবি: প্রথম আলো
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানকে কাছে পেয়ে ছেলে হত্যার বিচার চাইলেন সামিউলের বাবা-মা। গতকাল সামিউলদের বাড়ি সিলেট সদর উপজেলার বাদেয়ালি গ্রামে যান তিনি l ছবি: প্রথম আলো

সিলেটে শেখ সামিউল আলম রাজনকে (১৪) পিটিয়ে হত্যার ঘটনাকে অমানবিক, নির্মম, বর্বরোচিত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, কমিশন পর্যবেক্ষণ করছে এ হত্যার বিচার যেন দ্রুত হয়। এ ঘটনায় বরখাস্ত হওয়া তিন পুলিশ কর্মকর্তার ফৌজদারি আইনে বিচার হওয়া দরকার বলেও তিনি মনে করেন।
মিজানুর রহমান গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় সিলেট সদর উপজেলার বাদেয়ালি গ্রামে সামিউলদের বাড়িতে গিয়ে এসব মন্তব্য করেন। সেখানে তিনি সামিউলের বাবা, মা ও ভাইকে সান্ত্বনা দেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা আশ্বাস দিয়েছেন, সামিউল হত্যা মামলার বিচার দ্রুত ট্রাইব্যুনালে হবে। এই আশ্বাস কেবল আশ্বাস থাকলেই হবে না। তিনি আরও বলেন, এ মামলার তদন্ত থেকে বিচার-প্রক্রিয়া—পুরো সময়টাতেই কমিশন কড়া নজর রাখবে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, সামিউল হত্যা মামলার আসামিরা যতই প্রভাবশালী হোক না কেন, রাষ্ট্রের উচিত সব ধরনের ফাঁকফোকর দূর করে তাঁদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। দ্রুততম সময়ে যেন এই মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। চার্জশিটে যেন কোনো পদ্ধতিগত ত্রুটি না থাকে। এ প্রসঙ্গে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে চাই, যদি পুলিশের চার্জশিটে পদ্ধতিগত কোনো ত্রুটি থাকে, সেটাও সংশোধন করতে যেন বিচারকেরা নির্দেশনা দেন।
সৌদি আরবে থাকা অন্যতম আসামি কামরুল ইসলাম প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, যদি রাষ্ট্রের সদিচ্ছা থাকে, তবে তাঁকে ফিরিয়ে আনা কষ্টকর নয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের কিশোর শামছুদ্দিন মিলন হত্যার বিচার সম্পর্কে মিজানুর বলেন, এ ধরনের ফৌজদারি অপরাধের ক্ষেত্রে কোনো দফারফা হতে পারে না। এটা আইনের লঙ্ঘন। কমিশন এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কড়া চিঠি দিয়েছে। বিষয়টি নিয়ে কমিশন কাজ করছে।
সামিউলকে গত ৮ জুলাই চোর অপবাদে নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ১২ আসামির মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
কারাগার পরিদর্শন: মিজানুর রহমান দুপুর ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান। পরে কারাফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মিজানুর রহমান বলেন, কারাগারে নারী ও শিশু নির্যাতন আইনের চরম অপব্যবহার করা হচ্ছে। সারা দেশে প্রায় একই চিত্র। কারাগারে মায়ের সঙ্গে শিশুরাও থাকছে। এটি শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠার জন্য একটা বড় প্রতিবন্ধকতা।