তিন পুলিশ কর্মকর্তাসহ ছয়জনের সাক্ষ্য গ্রহণ
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় আজ রোববার ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। আগামী ১৪ মার্চ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
আজ সাক্ষ্য দিয়েছেন তিনজন পুলিশ কর্মকর্তা, আসামির আশ্রয়দাতা, একরামের গাড়িচালক ও স্থানীয় একজন ব্যবসায়ী।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে ছয়জন সাক্ষী সাক্ষ্য দেন। তাঁদের মধ্যে তিনজন ফেনী থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন, মোবারক হোসেন ও আজিজ আহম্মদ। একরাম হত্যাকাণ্ডের পর কয়েকজন আসামি ঢাকায় এক বাসায় আশ্রয় নিয়েছিলেন—সেই আশ্রয়দাতা হেলাল উদ্দিনও সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া একরামের গাড়িচালক আবদুল্লাহ আল মামুন ও হত্যার ঘটনাস্থলের স্থানীয় এজন ব্যবসায়ী সাক্ষ্য দেন।
হাফেজ আহাম্মদ জানান, একরাম হত্যা মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে এ যাবৎ ২৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪৫ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জন জামিনে রয়েছেন। রোববার ফেনী কারাগার ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ৩২ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা ১৩ জন আসামি কাঠগড়ায় ছিলেন। পরে সবাইকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
পিপি হাফেজ আহাম্মদ জানান, চারজন আসামি জামিনের আবেদন জানানো হলেও আদালত সব কটি আবেদন নামঞ্জুর করেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করেন আসামিরা।