
আবুল হোসেন নামের দুই পা হারানো এক আসামিকে হাতকড়া পরানোয় তিন পুলিশকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। আজ বুধবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল এ আদেশ দেন।
যাঁদের প্রত্যাহার করা হয়েছে, তাঁরা হলেন চট্টগ্রাম আদালতের মহানগর হাজতখানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন, যানবাহন শাখার উপপুলিশ পরিদর্শক (এটিএসআই) খোকন চন্দ্র মজুমদার ও কনস্টেবল শংকর দে।
উল্লেখ্য, আজ বুধবার প্রথম আলোয় ‘তাঁকেও হাতকড়া পরাল পুলিশ!’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর পুলিশ কমিশনার তাৎক্ষণিকভাবে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনানের কাছে প্রতিবেদন চান। ওই প্রতিবেদনের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে হাজতখানায় দায়িত্বরত তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। আরও তদন্ত করে তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, বুধবার সকাল থেকেই দায়িত্বে অবহেলার কারণে তিনজনকে হাজতখানার দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়। তাঁদের স্থলে নতুন লোক দেওয়া হয়েছে। পরে পুলিশ কমিশনার ওই তিনজনকে ক্লোজ করেন।
পুলিশ হেফাজত থেকে পালানোর সম্ভাবনা না থাকলেও গতকাল মঙ্গলবার বাকলিয়া থানার মাদক মামলার আসামি আবুল হোসেনকে হাতকড়া পরিয়ে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুটি কাঠের টুকরার ওপর ভর দিয়ে এজলাসে যান তিনি। পঙ্গু আসামিকে এভাবে আদালতে হাজির করাকে অমানবিক এবং পুলিশ প্রবিধানের লঙ্ঘন বলছেন আইনজীবীরা। গত ২৭ জুলাই চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে এক হাজার ইয়াবা বড়িসহ আবুল হোসেনকে গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ।
আরও পড়ুন
তাঁকেও হাতকড়া পরাল পুলিশ!