তিন পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পা না থাকায় কাঠের টুকরায় ভর দিয়ে চলা মাদক মামলার আসামি আবুল হোসেনকে হাতকড়া পরানোয় তিন পুলিশকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডলের নির্দেশে তাঁদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

তিন পুলিশ হলেন চট্টগ্রাম আদালতের মহানগর হাজতখানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন, যানবাহন শাখার উপপুলিশ পরিদর্শক খোকন চন্দ্র মজুমদার ও কনস্টেবল শংকর দে।

মাদক মামলার জামিন শুনানির জন্য আসামি আবুল হোসেনকে গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবনে হাজির করে পুলিশ। তাঁর বাঁ হাতে হাতকড়া ছিল। এ নিয়ে গতকাল প্রথম আলো ‘তাঁকেও হাতকড়া পরাল পুলিশ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলোয় এ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর পুলিশ কমিশনার তাৎক্ষণিকভাবে অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনানের কাছে বিষয়টি জানতে চান। তিনি লিখিত প্রতিবেদনে দায়িত্বে অবহেলার সঙ্গে কারা জড়িত তা জানান। পরে হাজতখানায় দায়িত্বে থাকা তিন পুলিশকে প্রত্যাহার ও তদন্ত করে তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মুত্তাকী ইবনু জানান, ওই তিনজনের স্থলে অন্য তিন পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।