তিন পুলিশ সদস্য প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের একটি বিনোদন কেন্দ্রে পুলিশের ধাওয়ায় মনিরুজ্জামান নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশের ওই তিন কর্মকর্তা হলেন জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজুল হক, এএসআই দিলীপ চন্দ্র সরকার ও পিএসআই গোলাম মোস্তফা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান (৩৭) গত বুধবার রাতে পিরুজালী গ্রামের ওই বিনোদন কেন্দ্রের একটি কক্ষ ভাড়া নেন। সেখানে একজন যৌনকর্মীকে নিয়ে যান। মনিরুজ্জামান ওই কক্ষে মাদক সেবন করছিলেন—এমন তথ্য পেয়ে পুলিশ মধ্যরাতে অভিযান চালায়। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে মনিরুজ্জামান অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মনিরুজ্জামান ও তাঁর সঙ্গে থাকা নারীকে আটক করতে গেলে মনিরুজ্জামানের অবস্থা আরও খারাপ হয়। একপর্যায়ে তাঁদের আটক না করে পুলিশ ফিরে যায়। রাতে মনিরুজ্জামানের মৃত্যু হয়। তাঁর বাড়ি পিরুজালী গ্রামে।
নাম প্রকাশ না করার শর্তে মনিরুজ্জামানের এক স্বজন প্রথম আলোকে বলেন, পুলিশের ধাওয়া খেয়েই মনিরুজ্জামানের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল সন্ধ্যায় গাজীপুরের পুলিশ সুপার ওই তিন কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেন।
গতকাল শুক্রবার রাতে মুঠোফোনে জানতে চাইলে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল সকালে মনিরুজ্জামানের লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। তাঁর মৃত্যুর ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মনিরুজ্জামানের বড় ভাই কামরুজ্জামান বাদী হয়ে ওই নারীসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।