গাজীপুরে পণ্যবাহী পরিবহন থামিয়ে চাঁদাবাজির অভিযোগে গাজীপুরের হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের গতকাল বুধবার গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রেজাউল কাজী, কনস্টেবল মো. মনিরুজ্জামান ও আবদুর রাজ্জাক। পুলিশ জানায়, স্থানীয় হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ওই তিন সদস্য গত মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় তাঁরা ঢাকাগামী পণ্যবাহী বিভিন্ন যান থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাইয়ের নামে চাঁদাবাজি করেন। ওই চাঁদাবাজির খবর পেয়ে ঢাকার পুলিশ সদর দপ্তরের একটি পরিদর্শন দল তাঁদের হাতেনাতে ধরে ফেলে। ওই পরিদর্শন দল বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানায়। পরে গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন গতকাল সকালে ওই তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেন। পরে তাঁদের গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করেন। পুলিশ সুপার আবদুল বাতেন জানান, অভিযুক্তদের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।