তিন পুলিশ সদস্যসহ চারজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় গাড়ি থেকে গায়েব হওয়া স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় পুলিশের তিন সদস্যসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই চারজন হলেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল আলম, কনস্টেবল ওয়াহেদুল ইসলাম ও আকাশ চৌধুরী এবং পুলিশের তথ্যদাতা (সোর্স) রনি। তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন বাড়ি থেকে ১৪৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এখনো ১৬টি স্বর্ণের বারের সন্ধান মেলেনি। ১৪৯টি স্বর্ণের বারের মধ্যে ৬৩টি উদ্ধার করা হয় গত সোমবার রাতে বগুড়ার সোনাতলা উপজেলায় ওয়াহেদুলের গ্রামের বাড়ির মেঝে খুঁড়ে।

ওই চারজনকে গতকাল ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। গতকাল পর্যন্ত তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়নি।