তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ছিনতাই মামলা
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার একজন উপপরিদর্শক ও দুই কনস্টেবলের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর কোতোয়ালি থানায় এ মামলা হয়।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) হারুনুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, গতকাল তাঁতীবাজারের এক বাসায় হুন্ডির টাকা উদ্ধারের কথা বলে এক বাসায় অভিযান চালান এসআই কাইয়ুমসহ ও ওই দুজন কনস্টেবল। এ সময় তাঁরা হুন্ডির টাকা বলে কয়েক লাখ টাকা নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় বাসার বাসিন্দারা ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ওই তিনজনকে আটক করে বংশাল থানায় সোপর্দ করেন। পরে তাঁদের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
ডিসি হারুনুর রশিদ বলেন, কাউকে অবগত না করেই ওই তিন পুলিশ সদস্য আরেক থানা এলাকায় অভিযান চালিয়েছেন। তাঁদের সঙ্গে ওই বাসার বাসিন্দাদের টাকা নিয়ে কাড়াকাড়ি হয়েছে। পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে ছিনতাই মামলা হয়েছে। রোববার (আজ) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।