তিন পুলিশ সদস্যেরও বিচার চাইলেন রাজনের বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যার ঘটনায় আসামিদের পাশাপাশি গাফিলতির অভিযোগে বরখাস্ত তিন পুলিশসদস্যেরও বিচার চেয়েছেন শিশুটির বাবা। এ হত্যার বিচারকাজ শুরুর পর আদালতে প্রথম দিনের সাক্ষ্য দেওয়ার সময় এ দাবি করেন তিনি।
এ হত্যার ঘটনায় করা মামলায় গতকাল বৃহস্পতিবার আদালতে রাজনের বাবা শেখ আজিজুর রহমান ছাড়াও সাক্ষ্য দেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) ও মামলাটির বাদী আমিনুল ইসলাম। এদিন আলোচিত এই মামলার প্রথম দফা সাক্ষ্য গ্রহণ করা হয়।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় মামলায় গ্রেপ্তার হওয়া ১০ আসামিকে আদালতে হাজির করা হয়।
সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফুর আলী সাংবাদিকদের জানান, প্রথম দিন মামলার বাদী হিসেবে বরখাস্ত পুলিশ আমিনুল সাক্ষ্য দেন। পরে রাজনের বাবার সাক্ষ্য নেওয়া হয়। দুপুর ১২টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত এ দুজনের সাক্ষ্য গ্রহণ চলে। এ সময় সরকার ও আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জেরা করেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ৪, ৭, ৮, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ অক্টোবর। এই আট দিনে মামলার বাকি ৩৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষ্য দানকালে এসআই আমিনুল মামলার এজাহার পড়ে শোনান। লাশ উদ্ধার করার পর শনাক্ত না হওয়া ও লাশ গুম করার চেষ্টাকালে একজন হাতেনাতে ধরা পড়ায় পুলিশ বাদী হয়ে মামলা করার বাধ্যবাধকতায় তিনি বাদী হন বলে আদালতকে জানান।
আসামিপক্ষের আইনজীবীরা আমিনুলকে জেরা করার সময় রাজন হত্যাকাণ্ড ‘চোর সন্দেহে সাধারণ মানুষের পিটুনি’তে হয় বলে দাবি করেন। তাঁরা এ ব্যাপারে আমিনুলের বক্তব্য জানতে চান। তবে তিনি এ নিয়ে কোনো কথা বলেননি।
মামলার দ্বিতীয় সাক্ষী রাজনের বাবা সাক্ষ্যে থানায় গিয়ে ছেলের লাশ শনাক্ত করাসহ হত্যাকাণ্ডের পূর্বাপর বর্ণনা দেন। আদালতকে তিনি বলেন, ওই ঘটনায় শুরুতে তিনি চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ জালালাবাদ থানায় দাখিল করেছিলেন। পুলিশ সেটি মামলা হিসেবে গ্রহণ করেনি।
অভিযুক্ত ১৩ আসামির নাম আদালতকে শুনিয়ে রাজনের বাবা আরও বলেন, শুরুর দিকে ঘটনাটি ধামাচাপা দিতে পুলিশ তৎপর ছিল। তিনি বলেন, ‘আমি মনে করি আসামিদের সঙ্গে বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদেরও যোগসাজশ রয়েছে। এঁদেরও বিচার হওয়া উচিত।’ তাঁর পক্ষে আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
সাক্ষ্য গ্রহণ শেষে এমাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘হত্যা ঘটনার শুরুর দিকে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট রাজনের বাবা। এ মনোভাব থেকে তিনি বরখাস্ত তিন পুলিশ সদস্য সম্পর্কে এ মতামত আদালতকে জানিয়েছেন। এ ব্যাপারে আদালতে পৃথক একটি আবেদনও দাখিল করছেন তিনি।’
গত ৮ জুলাই চুরির মিথ্যা অপবাদে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ডসংলগ্ন শেখপাড়ায় নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করা হয় জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতা শিশু সামিউল রাজনকে। এ ঘটনায় জালালাবাদ থানার তৎকালীন এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
আসামিদের পালিয়ে যেতে সহায়তা করাসহ গাফিলতির অভিযোগে আমিনুলকে ১৩ জুলাই প্রত্যাহার করা হয়। ২৫ জুলাই মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তাদের তদন্তে রাজন হত্যার ঘটনায় গাফিলতির অভিযোগে আমিনুল ছাড়াও জালালাবাদ থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন ও এসআই জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনজনের মধ্যে আমিনুল বাদী ছাড়াও পরিদর্শক আলমগীর মামলার একজন সাক্ষী।
গত ১৬ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে মহানগর মুখ্য হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ হত্যার ঘটনায় জনতা একে একে ধরিয়ে দিয়েছেন মামলার ১০ আসামিকে। কিন্তু পালিয়ে সৌদি আরব গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন মূল হোতা কামরুল ইসলাম। আর পলাতক রয়েছেন কামরুলের আরেক ভাই শামীম আহমদ, কুমারগাঁও বাসস্ট্যান্ডের এক আইসক্রিম কারখানার কর্মচারী জাকির হোসেন ওরফে পাবেল ওরফে রাজু।
গত ৭ সেপ্টেম্বর মামলাটি বিচারের জন্য মুখ্য হাকিম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়। ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় মামলার বিচারকাজ।