তিন পুলিশ হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনার বেড়া উপজেলার ঢালারচরে তিন পুলিশ সদস্য হত্যায় জড়িত সন্দেহে সাজাপ্রাপ্ত পলাতক আসামি নূরু মণ্ডলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মিজানপুর ইউনিয়নের মৌকুড়ী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, নূরু পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) নেতা। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফত উল্লাহ জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মিজানপুর ইউনিয়নের পদ্মা নদীর চর মৌকুড়ী থেকে নূরু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদে ঢালারচরের তিন পুলিশ সদস্যকে হত্যাসহ অন্তত ২০টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে নূরু। গতকাল রাতেই নূরুকে বেড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ তাঁকে আদালতে নেওয়ার কথা।পাবনার পুলিশ সুপার এস এম আইনুল বারী বলেন, ২০০১ সালে পাবনার ঢালারচর খড়বাগান এলাকায় এক পুলিশ কর্মকর্তাকে হত্যার অপরাধে নূরুকে ৩২ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এত দিন তিনি পলাতক ছিলেন। নূরু হত্যা, চাঁদাবাজি ও অপহরণসহ অসংখ্য অপরাধের সঙ্গে জড়িত। পুলিশ জানায়, নূরু মণ্ডল সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা অঞ্চলের পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) শীর্ষস্থানীয় নেতা আবদুল খালেকের অন্যতম সহযোদ্ধা। তাঁর বাড়ি বেড়া থানার ঢালারচরের দড়িরচর গ্রামে।