তিন পুলিশকে কুপিয়ে ও পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের এক কর্মকর্তাসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের অস্ত্র ও ওয়াকিটকিও লুটের ঘটনা ঘটে।
উপজেলার ফতেহপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার নারীকে আটক করেছে পুলিশ।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঙ্গে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহীদুল্লা মিয়ার বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গতকাল বিকেলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে রাত আটটার দিকে থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম ও এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের আট সদস্য (কনস্টেবল) ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বিল্লালের নেতৃত্বে তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালান। হামলার একপর্যায়ে তাঁরা প্রথমে পুলিশের সদস্য আল আমিন মিয়া ও শাহজাহান মিয়াকে রামদা ও চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে পুলিশের ওই দুই সদস্য মাটিয়ে লুটিয়ে পড়েন। এ সময় তাঁরা আল আমিন মিয়ার কাছ থেকে শটগান লুট করে নিয়ে যান। এ ছাড়া তাঁরা শরীফুলকে পিটিয়ে আহত করে তাঁর ব্যবহূত ওয়াকিটকিও নিয়ে যান। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে বিল্লাল ও তাঁর সহযোগীরা পলাতক।
খবর পেয়ে রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান, সহকারী পুলিশ সুপার (এএসপি) জীবন কান্তি সরকারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিল্লালের বাড়িসহ পুরো ফতেহপুর গ্রাম ঘিরে রাখে।
জীবন কান্তি সরকার প্রথম আলোকে জানান, অস্ত্র উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে তল্লাশি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রহিমা আক্তার, ওয়ালিদা বেগম, জুলেখা আক্তার ও ইয়াছমিন আক্তার নামের চার নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
প্রসংগত, ওই দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে থানায় আটটি মামলা করেছে। বছর খানেক আগে মামলার আসামি বিল্লালকে গ্রেপ্তার করতে আসে পুলিশ। এ সময় বিল্লালের সহযোগীরা থানার তৎকালীন এসআই আজমিরুজ্জামানকে মারধর করে বিল্লালকে ছিনিয়ে নেন।