তিন পুলিশকে রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় আটক সোনা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন পুলিশকে আজ রোববার আদালতে রিমান্ডের আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৩০ এপ্রিল তাদের রিমান্ডের শুনানির জন্য দিন ধার্য্য করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট ও আদালত সূত্র জানায়, দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা যতন কুমার রায় কারাগারে থাকা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম, দুই কনেস্টবল ওয়াহিদুল ইসলাম ও আকাশ চৌধুরীকে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।

 রামপুরা থানার পুলিশ ১৩ মার্চ বনশ্রী থেকে একটি গাড়ি আটক করে। ১৬ মার্চ মাহিন ও সমীর ওই গাড়ি ছাড়াতে থানায় গেলে পুলিশ তাঁদের আটক করে। পরে রামপুরা থানার পুলিশ উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁদের দিয়ে ওই গাড়ি থেকে ৭০টি সোনার বার উদ্ধার করেন। তবে ওই দুজন দাবি করেন, গাড়িতে ২৩৫টি সোনার বার ছিল। জবানবন্দিতেও তাঁরা একই দাবি করেন।

সোনা আত্মসাতের অভিযোগ ওঠায় এর আগেই রামপুরা থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালাকে প্রত্যাহার করা হয়।

এর আগে সোনা আত্মসাতের ঘটনায় ৩১ মার্চ রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম, দুই কনস্টেবল ওয়াহিদুল ইসলাম ও আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এর আগের রাতে তাঁদের তথ্যের ভিত্তিতে বগুড়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে তাঁদের ও তাঁদের স্বজনদের বাড়ি থেকে ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়। পরে সোনা আত্মসাতের ঘটনায় পুলিশের ওই তিন সদস্য, পুলিশের গাড়ির চালক সজীব আহমেদ ও তথ্যদাতা (সোর্স) মাহফুজ আলম রনির বিরুদ্ধে ৭ এপ্রিল রামপুরা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ১৭ মার্চ দুই সোনা চোরাচালানিকে ছেড়ে দিতে ওসিকে চাপ ও হুমকি দিয়েছিলেন রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম শিবলী নোমান। এ ঘটনায় তত্কালীন ওসি কৃপা সিন্ধু বালার করা সাধারণ ডায়েরিতে (জিডি) এ কথা উল্লেখ রয়েছে। ওই জিডি হওয়ার দিনে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এ ঘটনায় গ্রেপ্তার জাহেদুল হক ওরফে  মাহিন। জবানবন্দিতে তিনি বলেছেন, আটক সোনা ছাড়িয়ে দিতে রমনা অঞ্চলের এসি শিবলী নোমান ঢাকা ক্লাবে তিনিসহ অন্যদের সঙ্গে বৈঠক করেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনা চোরাচালানিদের সঙ্গে এসি শিবলী নোমান ও সোনা আত্মসাতের ঘটনায় কৃপা সিন্ধু বালার সম্পৃক্ততা পাওয়া গেছে। তাঁদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এদিকে সোনা চোরাচালানের অভিযোগে ১৬ মার্চ রামপুরা থানায় মাহিন, সমীর ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলাটি তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, চোরাচালানির মূল হোতা জাহিদুল ইসলাম ওরফে অনিক পলাতক। তাঁকে গ্রেপ্তার করা গেলে বিস্তারিত তথ্য এবং বাকি ১৬টি সোনার বার উদ্ধার করা যাবে।