তিন পুলিশসহ চার বাংলাদেশির মুক্তি অনিশ্চিত
মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনীর হাতে আটক তিন পুলিশসহ চার বাংলাদেশির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চার বাংলাদেশির মুক্তি চেয়ে নাসাকাকে চিঠি দিয়েছে। কিন্তু গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত নাসাকার কোনো সাড়া মেলেনি। এ ঘটনায় এ নিয়ে নাসাকাকে পাঁচটি চিঠি পাঠাল বিজিবি। বিজিবি সূত্র জানায়, ১৩ মার্চ বিকেলে পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত ভ্রমণের সময় ভুলক্রমে মিয়ানমার সীমান্তে ঢুকে পড়েন চার বাংলাদেশি। তাঁদের আটক করে নাসাকা। তাঁরা হলেন কক্সবাজারের উখিয়া বালুখালী টিভি রিলে স্টেশনের নিরাপত্তারক্ষী পুলিশ কনস্টেবল মুজিবুর রহমান, ইফরান সরকার ও ইমরান হোসেন এবং কুতুপালং বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম। এ ব্যাপারে ১৭ মার্চ দুপুরে মিয়ানমারের ঢেকুবনিয়া নাসাকা সদর দপ্তরে বিজিবি ও নাসাকার মধ্যে পতাকা বৈঠক হয়। কিন্তু নাম-ঠিকানা ভুলের কারণে বাংলাদেশিদের ছাড়তে রাজি হয়নি নাসাকা। আটক করা ব্যক্তিদের ঢেকুবনিয়া নাসাকা ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানা গেছে। কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, চার বাংলাদেশির মুক্তি দাবি করে গতকালও (মঙ্গলবার) নাসাকার কাছে কড়া ভাষায় চিঠি পাঠানো হয়েছে। কিন্তু তাঁদের মুক্তির ব্যাপারে নাসাকা কিছুই বলছে না। এখন কূটনৈতিক পর্যায়ে আলোচনার চেষ্টা চলছে।