রাজধানীর রামপুরায় আটক সোনা আত্মসাতের মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া তিন সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দুদকের সাধারণ শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্ত পাঁচজন হলেন রামপুরা থানার সাময়িক বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল আকাশ চৌধুরী ও ওয়াহিদুল ইসলাম, পুলিশের গাড়ির চালক সজীব আহমেদ ও তথ্যদাতা (সোর্স) মাহফুজ আলম রনি।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৩ মার্চ রামপুরা থানার পুলিশ ধাওয়া করে বনশ্রী বালুর মাঠের কাছে একটি গাড়ি আটক করে। জাহেদ হোসেন ওরফে মাহিন ও গাড়িচালক সমীর কুমার বিশ্বাস নামের দুজন ১৬ মার্চ ওই গাড়ি ছাড়াতে থানায় গেলে কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাঁদের আটক করা হয়। পরে তাঁদের দেখানো মতে, ওই গাড়ি থেকে ৭০টি সোনার বার উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। তবে আদালতে দেওয়া জবানবন্দিতে ওই দুজন গাড়িটিতে ২৩৫টি সোনার বার থাকার কথা বললে সোনা আত্মসাতের বিষয়টি ফাঁস হয়।
ওই গাড়ি আটকের চার দিন পর ১৭ মার্চ রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রামপুরা থানার তৎকালীন ওসি কৃপা সিন্ধু বালা। গাড়িটি ছেড়ে দিতে চাপ ও হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের রমনা বিভাগের তৎকালীন সহকারী কমিশনার শিবলী নোমানের বিরুদ্ধে ওই জিডি করা হয়। ওই জিডি করার দিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গ্রেপ্তার হওয়া মাহিন।
সোনা আত্মসাতের অভিযোগ ওঠার পর ওসি কৃপা সিন্ধু বালাকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। গত বছরের ৩১ মার্চ এসআই মঞ্জুরুল, দুই কনস্টেবল ওয়াহিদুল ও আকাশকে গ্রেপ্তার করা হয়। এর আগের রাতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে তাঁদের ও তাঁদের স্বজনদের বাড়ি থেকে ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়।