রাজধানীর রামপুরা থানায় সোনার বার উদ্ধার করে আত্মসাতের অভিযোগে পুলিশের তিন সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) মামলাটি করার অনুমতি দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিষয়টি নিশ্চিত করে দুদকের আইন শাখা জানায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির মামলা করতে গেলে দুদকের অনুমতি প্রয়োজন বলে ডিবিকে এই অনুমতি দেওয়া হয়। অনুমতির জন্য দুদকে আবেদন করা হয় ২ এপ্রিল।
অনুমতি পাওয়ার পর সোমবার রাত পৌনে ১২টায় ডিবি পুলিশ রামপুরা থানায় মামলাটি (নম্বর ৩) করে বলে প্রথম আলোকে জানান থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিব। তিনি জানান, গোয়েন্দা পুলিশের (পূর্ব) পরিদর্শক ফজলুল হক তিন পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এ মামলার তদন্ত করবে দুদক।
মামলার আসামিরা হলেন ওই থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল আলম, কনস্টেবল ওয়াহেদুল ইসলাম ও আকাশ চৌধুরী, পুলিশের সোর্স মাহফুজ আলম ওরফে রনি ও সজীব শিকদার। এঁদের মধ্যে সজীব পলাতক। বাকিদের গ্রেপ্তার করা হয়েছে।
এজাহারে বলা হয়, গত ১৩ মার্চ রাতে রামপুরা থানার এসআই মঞ্জুরুল, কনস্টেবল আকাশ ও ওয়াহেদুলের ধাওয়া খেয়ে রামপুরার ব্যাংক কলোনির বালুর মাঠসংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কার ফেলে রেখে পালিয়ে যান আরোহীরা। তাঁরা গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করে। এগুলোর মধ্যে ১৪৯টি ভাগাভাগি করে নেন তিন পুলিশ ও সোর্স। পরে ওই সোনা বিক্রি করে একটি অংশ তাদের বহনকারী মাইক্রোবাসের চালক সজীব শিকদারকে দেবে বলে এসআই মঞ্জুরুল তাঁকে আশ্বাস দেন।
এজাহারে উল্লেখ করা হয়, প্রাইভেট কারের আরোহী জাহিদুল ইসলাম ওরফে অনিক, জাহেদ হোসেন ওরফে মাহিন ও চালক সমীর কুমার বিশ্বাস গাড়িতে ২৩৫টি সোনার বার ফেলে পালিয়ে যান বলে তদন্তে জানা যায়। এর সূত্র ধরে গত ১৭ মার্চ রামপুরা থানার পুলিশ অনিক ও সমীরকে গ্রেপ্তার এবং তাঁদের উপস্থিতিতে গাড়ির আসন থেকে ৭০টি সোনার বার উদ্ধার করে। ওই দিন তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।
এজাহারে আরও বলা হয়, বিশেষ ক্ষমতা আইনের মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি। তদন্তের একপর্যায়ে পুলিশের সোর্স রনিকে আটক করলে তিনি সোনা আত্মসাতের ঘটনাটি স্বীকার করেন। পরে এসআই মঞ্জুরুলসহ পুলিশের তিন সদস্যকে আটক করলে তাঁরাও এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁদের তথ্যের ভিত্তিতে মোট ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়।
ডিবির কর্মকর্তারা জানান, সোনা আত্মসাতের ঘটনায় রামপুরা থানার সাবেক ওসি কৃপা সিন্ধু বালার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এদিকে মাহিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোনা চোরাচালানিদের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার এস এম শিবলী নোমানের যোগাযোগের কথা জানান।