তিন পুলিশের দৃঢ়তা এবং এক প্রসূতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত বাসেই প্রসববেদনা ওঠে করুণা বেগমের। যাত্রীদের বেশির ভাগই করুনাকে গালাগাল শুরু করেন। তখন তাঁর সাহায্যে এগিয়ে আসেন একই বাসের যাত্রী পুলিশের তিনজন পরিদর্শক। তাঁদের দৃঢ়তা ও অপর এক নারীযাত্রীর সহায়তায় করুনা বাসের ভেতরেই ফুটফুটে একটি পুত্রসন্তান প্রসব করেন।ওই বাসের যাত্রী পুলিশের এক পরিদর্শক হলেন আনোয়ার হোসেন। তিনি গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তিনিসহ তিনজন পরিদর্শক প্রশিক্ষণে যোগ দিতে চট্টগ্রাম থেকে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করেন। তাঁরা ওঠেন বাঁধন পরিবহনের একটি বাসে। রাত প্রায় সাড়ে ১১টার দিকে বাসটি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় পৌঁছায়। এ সময় বাসের ভেতরে এক নারীযাত্রী কান্নাকাটি শুরু করেন। পাশে বসা তাঁর স্বামী মো. শরিফ বলেন, ‘আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। তাঁর প্রসবব্যথা উঠেছে।’ এ কথা শুনে বাসের প্রায় ৪০ জন যাত্রীর বেশির ভাগই স্বামী-স্ত্রী দুজনকে বকাঝকা শুরু করেন।পুলিশের ওই পরিদর্শক জানান, যাত্রীদের নানা মন্তব্য শুনে তাঁরা তিনজন স্থির থাকতে পারেননি। তাঁরা বাসটি ঘুরিয়ে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার অনুরোধ জানান। অন্য যাত্রীরা তা মানছিলেন না। একপর্যায়ে তাঁরা পেশাগত পরিচয় দিলে যাত্রীরা কিছুটা সহনশীল হন। এরপর বাসের পেছন দিকে জায়গা করে দেওয়া হয়। সেখানে অপর এক নারীযাত্রীর সহযোগিতায় করুনা বেগম একটি পুত্রসন্তান জন্ম দেন। কিন্তু প্রসূতির রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। বাধ্য হয়ে বাসটি ঘুরিয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে চিকিৎসক নেই। পরে ওই তিন পুলিশ কর্মকর্তা বাসা থেকে চিকিৎসক ডেকে এনে প্রসূতির চিকিৎসাসেবা নিশ্চিত করেন। তাঁরা নিজেদের পকেট থেকে কিছু এবং কয়েকজন যাত্রীর কাছ থেকে কিছু টাকা তুলে শরিফের হাতে দেন। স্থানীয় থানার পুলিশকে প্রসূতির চিকিৎসার বিষয়ে খোঁজ নেওয়ার দায়িত্ব দিয়ে তাঁরা বাসটি নিয়ে রাত একটার দিকে গন্তব্যের উদ্দেশে রওনা করেন।সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের প্রথম আলোকে জানান, গতকাল সকাল নাগাদ প্রসূতি অনেকটা সুস্থ হয়ে ওঠেন। পরে তাঁর ইচ্ছা অনুযায়ী তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। দুপুরে হাসপাতাল ছাড়ার সময় নবজাতক ও প্রসূতি দুজনই সুস্থ ছিলেন। জানা গেছে, করুনা বেগম ও তাঁর স্বামী মো. শরিফের গ্রামের বাড়ি ভোলা জেলায়। তাঁরা নোয়াখালী হয়ে ভোলা যাওয়ার উদ্দেশে চট্টগ্রাম থেকে ওই বাসে ওঠেন। তাঁদের কাছে যাতায়াতভাড়া ছাড়া কোনো টাকা ছিল না।