তিন পুলিশের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর থানা থেকে হাজতি মহসীন মিয়ার লাশ উদ্ধারের ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান, পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ও পুলিশ সদস্য হানিফকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। গতকাল সোমবার জেলা মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে মহসীনের এলাকার আইনজীবী ছিদ্দিকুর রহমান মামলাটি করেন। আদালত পুলিশ সুপারকে (এসপি) মামলার বিষয়ে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, আসামিরা আইন অমান্য করে মহসীনকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে না পাঠিয়ে নিজ হেফাজতে রাখেন। এ ছাড়া থানার নিজস্ব হাজতখানা থাকা সত্ত্বেও অন্যায়ভাবে থানার দ্বিতীয় তলায় টর্চার সেলে ৪৩ ঘণ্টা আটকে রেখে মারধর করে অপরাধ স্বীকার করান; যা থানার দায়িত্বরত পুলিশ ও আশপাশের লোকজন দেখেছেন। নির্যাতনের পর দীর্ঘ সময় মহসীনকে অনাহারে রাখা হয়।
ছিদ্দিকুর প্রথম আলোকে বলেন, ‘একজন মানুষ হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি জনস্বার্থে মামলা করেছি। মামলা দায়েরের সময় ওসি আসাদুজ্জামান, আদালত পরিদর্শক মিজানুর, এসআই আবদুর রাজ্জাক আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তাঁরা অন্য লোকজনের মাধ্যমে আমাকে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।’ তবে আদালত পরিদর্শক মিজানুর অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি ছিদ্দিকুরকে চিনি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা অসত্য।’