তিন পোশাক কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওয়ালমার্টের আহ্বান
মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট বাংলাদেশের তিনটি পোশাক কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত সোমবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটি এ দেশের তৈরি পোশাকের অন্যতম ক্রেতা। ওয়ালমার্টের এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স এ খবর জানায়।
সাভারের রানা প্লাজা ধসে এক হাজার ১০০ জনের বেশি পোশাককর্মী নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠানটি গতানুগতিক ধারার বাইরে এ রকম আহ্বান জানাল।
ওই তিন পোশাক কারখানা হলো চট্টগ্রামে স্টিচ টোন অ্যাপারেলসের একটি কারখানা, স্টিচ টোনের কারখানার সঙ্গে লাগোয়া একটি ভবনে থাকা ড্রেসওয়েল লিমিটেডের একটি কারখানা ও ঢাকায় নাসা গ্রুপের লিজ অ্যাপারেলসের একটি কারখানা। এর মধ্যে ড্রেসওয়েল লিমিটেডের সঙ্গে ওয়ালমার্টের কখনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না। বাকি দুটি কোম্পানির কারখানায় ওয়ালমার্টের পোশাক তৈরি হয়। তবে সম্প্রতি তারা স্টিচ টোনের কারখানা থেকে পোশাক নেওয়া বন্ধ করেছে।
ওয়ালমার্ট বলেছে, যে ভবনে স্টিচ টোনের কারখানা, সেটির লাগোয়া একটি ভবন খুবই নাজুক। দৃশ্যত নড়বড়ে ওই ভবনে ড্রেসওয়েলের একটি কারখানা রয়েছে। ওয়ালমার্ট বলেছে, তারা শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে স্টিচ টোন থেকে পোশাক নেওয়া বন্ধ করার পাশাপাশি ওই কারখানার মালিকপক্ষকে সেখানে উৎপাদন না করার পরামর্শ দিয়েছে।
ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট রাজন কমলনাথন এক বিবৃতিতে বলেন, বিপজ্জনক ভেবে গত সপ্তাহে কয়েকটি পোশাক কারখানা বন্ধ করে দিয়ে বাংলাদেশ সরকার দায়িত্বশীল আচরণ করেছে।