তিন পৌরসভার ৪০ প্রার্থীর ২২ জনই আ.লীগ-সমর্থক!
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় পৌর নির্বাচন নিয়ে বিভ্রান্তিতে পড়েছে নোয়াখালীর বিভিন্ন পৌরসভার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা। জেলার সাতটি পৌরসভার মধ্যে তিনটিতে এ সমস্যা সবচেয়ে প্রকট। এ নিয়ে কর্মী-সমর্থকেরা বর্তমানে দলের সমালোচনায় মুখর।খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সাতটি পৌরসভায় গত রোববার মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন ৫৮ জন প্রার্থী। এর মধ্যে নোয়াখালী, চৌমুহনী ও সেনবাগ পৌরসভায় মনোনয়নপত্র দাখিল করেন ৪০ জন প্রার্থী। যার মধ্যে ২২ জনই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। এদের মধ্যে নোয়াখালীতে প্রার্থী ছয়জন, চৌমুহনীতে ১০ জন ও সেনবাগে ছয়জন।দলীয় সূত্র জানায়, পৌর নির্বাচনকে সামনে রেখে ৯ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় জেলার নেতারা ছাড়াও সবকয়টি উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে পৌরসভার নির্বাচনের বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিভিন্ন পৌরসভার সম্ভাব্য প্রার্থীদের দলীয় সমর্থন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পৃথক চারটি মনোনয়ন বোর্ড গঠন করে দেওয়া হয়। সূত্র আরও জানায়, মনোনয়ন বোর্ডকে তৃণমূলের নেতা-কর্মীদের মতামত নিয়ে কিংবা সম্ভাব্য প্রার্থীদের সমঝোতার ভিত্তিতে একজনকে দলীয় সমর্থন দিয়ে এবং বিকল্প আরও দুজনের নাম দিয়ে তিনজনের একটি তালিকা করে ১৪ ডিসেম্বরের মধ্যে জেলার কাছে হস্তান্তরের জন্য বলা হয়। জানা গেছে, মনোনয়ন বোর্ড নোয়াখালী পৌরসভায় জেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক সামছুদ্দীন জেহান; চৌমুহনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ; চাটখিলে সিরাজুল ইসলাম চৌধুরী; কবিরহাটে জহিরুল হক রায়হান ও বসুরহাটে আবদুল কাদের মির্জাকে দলীয় সমর্থন দেয়।সেনবাগ পৌরসভার জন্য গঠিত ১২ সদস্যের মনোয়ন বোর্ড দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে নয় সদস্যের যুবলীগের আবু নাছের দুলাল ও বাকি তিন সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফরের নাম প্রস্তাব করে পৃথক দুটি তালিকা জেলায় দাখিল করেন। এ প্রসঙ্গে সেনবাগ শহরের আওয়ামী লীগের সমর্থক ব্যবসায়ী আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, মনোনয়ন বোর্ডের সদস্যরা তৃণমূলের ভোট কিংবা মতামত উপেক্ষা করে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বজায় রাখতে মরিয়া হয়ে ওঠেন। এতে তাঁদের নিজেদের কোনো ক্ষতি না হলেও পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর নিশ্চিত বিজয় হাতছাড়া হবে। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম প্রথম আলোকে জানান, কেন্দ্রের সিদ্ধান্তের ওপর তাঁর কোনো মতামত নেই। তাঁরা চেষ্টা করেছেন একক প্রার্থীর দেওয়ার জন্য। এর পরও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যাঁরা প্রার্থী হয়েছেন তাঁরা নিজ দায়িত্বেই হয়েছেন।