চট্টগ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল খনন ও বেড়িবাঁধ নির্মাণের তিনটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্র এ কথা জানিয়েছে।
প্রকল্প তিনটি হচ্ছে চট্টগ্রামের হাঙ্গর খাল, ধুরং খাল ও শ্রীমাই খাল খনন এবং বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প। প্রকল্পগুলোর কাজের প্রাথমিক পর্যায়ে (প্রি-ওয়ার্ক) খালের গভীরতা ও অন্যান্য পরিমাপ কম দেখিয়ে নকশা তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
দুদক সূত্র জানায়, পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুজ্জামান, পাউবো-১-এর নির্বাহী প্রকৌশলী আশরাফ জামাল, উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ ও আরও কয়েকজন কর্মকর্তা এর সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রধান প্রকৌশলীর কাছে এ-সংক্রান্ত যাবতীয় নথিপত্র চেয়ে গত ৯ জানুয়ারি চিঠি দিয়েছে দুদক। গত সপ্তাহে প্রকল্পসংশ্লিষ্ট বেশ কিছু নথিপত্র দুদকের হাতে এসে পৌঁছেছে। নথিপত্র পাঠানোর কথা স্বীকার করলেও অভিযোগ অস্বীকার করেছেন পাউবোর নির্বাহী প্রকৌশলী আশরাফ জামাল।
তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা তেমন কিছু নয়। দুদক চাইলে যেকোনো সময় যেকোনো কাজের খোঁজখবর নিতে পারে। আমরা কাজের স্বচ্ছতায় বিশ্বাসী। তাই দেরি না করে সংশ্লিষ্ট সব কাগজ পাঠিয়েছি। তবে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ অসত্য।’
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, চট্টগ্রামের সাতকানিয়া, পটিয়া, লোহাগাড়া, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলায় খাল খনন ও বেড়িবাঁধ নির্মাণে এসব প্রকল্প হাতে নেওয়া হয়। গত বছরের ২৩ জুন থেকে প্রকল্প তিনটির কাজ শুরু হয়। এর মধ্যে শ্রীমাই খাল প্রকল্পের জন্য অর্থবরাদ্দ করা হয়েছে চার কোটি ৭৪ লাখ টাকা।
হাঙ্গর খাল প্রকল্পের জন্য বরাদ্দের পরিমাণ দুই কোটি ৫৪ লাখ টাকা এবং ধুরং খাল প্রকল্পের জন্য বরাদ্দ রয়েছে এক কোটি তিন লাখ টাকা। পাউবো সূত্র জানায়, কার্যাদেশ অনুযায়ী চলতি মাসের ২২ তারিখে প্রকল্পগুলোর কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজ ১২ শতাংশের বেশি এগোয়নি।
দুদক সূত্র জানায়, এসব প্রকল্পের প্রাথমিক পর্যায়ে (প্রি-ওয়ার্ক) যে পরিমাণ কাজ রয়েছে তার চেয়ে কম দেখিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীরা অর্থ আত্মসাতের পরিকল্পনা করেছেন অভিযোগ উঠেছে। এখন অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য কাজ করছে দুদক।
দুদক সূত্র জানায়, দুর্নীতিতে প্রকৌশলীদের সঙ্গে ঠিকাদারদের যোগসাজশেরও বেশ কিছু অভিযোগ উঠেছে। এর একটি হচ্ছে, প্রকল্পের জন্য ২৭টি শিডিউল বিক্রি হলেও সিন্ডিকেটের মাধ্যমে পাঁচ থেকে ছয়টি দরপত্র জমা দেওয়া হয়েছে।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে এখনো ডাকেনি দুদক।
এ প্রসঙ্গে দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোশাররফ হোসেন মৃধা বলেন, ‘অনুসন্ধানের কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র হাতে পেয়েছি। যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, প্রয়োজন হলে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকেও তলব করা হবে।’