তিন প্রকৌশলীসহ ছয়জনকে পিটুনি দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের তিন প্রকৌশলীসহ ছয় কর্মচারীকে পিটিয়েছে দুর্বৃত্তরা। মারধরের শিকার ওই ছয় কর্মকর্তা-কর্মচারী পরে পালিয়ে আত্মরক্ষা করেছেন। গত রোববার রাতে নগরের দরগাহপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে নগরের বোয়ালিয়া থানায় মামলা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, নগরের একটি আবাসিক হোটেলের মালিক ও পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার খন্দকার হাসান কবির রোববার বেলা দুইটার দিকে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেমের কার্যালয়ে গিয়ে একটি কাজের বিল দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির জের ধরে হাসান কবির প্রকৌশলী আবুল কাশেম ও সহকারী প্রকৌশলী মনোয়ার হোসেনকে মারতে উদ্যত হন এবং টেবিলের ওপরে থাকা একটি পেপারওয়েট ছুড়ে মারেন। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। অভিযোগে বলা হয়েছে, এরপর হাসান কবির ওই দুই কর্মকর্তাকে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে সেখান থেকে চলে আসেন। এ ঘটনার জের ধরে ওই রাত ১০টার দিকে নগরের দরগাহপাড়া এলাকায় গাড়ি থামিয়ে কয়েকজন দুর্বৃত্ত পানি উন্নয়ন বোর্ডের ছয় কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় আহত হয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম, উপবিভাগীয় প্রকৌশলী (সদর) সুধাংশু কুমার সরকার, সহকারী প্রকৌশলী মনোয়ার হোসেন, গাড়িচালক আবু বাক্কার ছিদ্দিক ও দুজন এমএলএসএস। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশীদ বলেন, ‘হামলা, মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে। যেভাবে আমার কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করা হয়েছে এবং অব্যাহতভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’তবে ঠিকাদার হাসান করিব বলেন, পানি উন্নয়ন বোর্ডে তাঁর চারটি কাজের দেড়-দুই কোটি টাকার বিল আটকে আছে। সম্প্রতি তহবিল এলে তিনি ওই বিলের জন্য যান। এ সময় প্রকৌশলী আবুল কাশেম তাঁকে বলেন, টাকা দিয়ে বিল নিতে হবে। তিনি টাকা না দিতে চাইলে তাঁর সঙ্গে ওই প্রকৌশলীর কথা-কাটাকাটি হয়। এর বেশি কিছু হয়নি। পেপারওয়েট ছুড়ে মারা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তাঁর কাছে বিল পাসের জন্য টাকা চাওয়া এবং টাকা না দিতে চাইলে দেখে নেওয়ার হুমকির অভিযোগে তিনি বোয়ালিয়া থানায় একটি জিডি করেছেন।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় একজন প্রকৌশলী একটি মামলা করেছেন। হাসান কবির জিডি করেছেন কি না, তা খোঁজ নিয়ে বলতে পারব।’