তিন প্রতিষ্ঠাতার প্রতি আসকের শ্রদ্ধাঞ্জলি
মানবাধিকার ও আইন সহায়তা সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ব্যারিস্টার সালমা সোবহান, সাবেক অ্যাটর্নি জেনারেল আমিনুল হক ও বিচারপতি কে এম সোবহান ছিলেন বিশাল মহীরুহের মতো। তাঁদের আদর্শ সামনে রেখে নিজেদের আত্মসমালোচনা করে সামনের দিকে এগোতে হবে।গতকাল রোববার রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবনে আসকের এই তিন প্রয়াত প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বক্তারা এ কথা বলেন। আসক আয়োজিত এই অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি, জীবনী কথা, স্মৃতিচারণার মধ্য দিয়ে এই তিনজনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছায়ানট ভবনের নিচতলায় তিনজনের ছবি সাজানো ছিল ফুলে ফুলে। সিঁড়ি, অনুষ্ঠানের মঞ্চও ছিল পুষ্পশোভিত। আলোচকেরা তাঁদের স্মৃতিচারণায় গত শতকের ষাট থেকে আশির দশকের নানা ঘটনা তুলে ধরেন।অনুষ্ঠানে তিনজনের জীবনের বিভিন্ন দিক নিয়ে আগেই দর্শক-শ্রোতাকে জানিয়ে দেওয়া হয়। তারপর আসকের কর্মীদের কণ্ঠে ‘ও আলোর পথযাত্রী, এখানে রাত্রি’সহ বিভিন্ন উদ্দীপনা জাগানো গান পরিবেশন করা হয়।অনুষ্ঠানে স্মৃতিচারণায় সালমা সোবহানের স্বামী অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, ‘আসক যখন যাত্রা শুরু করে তখন কেউ চিন্তাও করতে পারেনি তা এত বড় সংগঠনে পরিণত হবে। সালমা তার স্বকীয়তায় নীরবে, নিভৃতে কাজ করে গেছে। তবে তার এ কাজের কথা কাউকে জানান দিতে চায়নি। কিন্তু তার কাজটি এতই বড় আকারের ছিল যে সবাই তা জেনে গেছে।’ বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম এই তিনজনকে গণতন্ত্রের ভিত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই তিনজন হচ্ছেন প্রদীপ জ্বালানোর সলতে। তাঁরা ইতিহাসের অংশ।’আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘এখন আমাদের নিজেদের আত্মসমালোচনা করে সামনের দিকে এগোতে হবে।’কে এম সোবহানের ছেলে কাজী রেহান সোবহান বলেন, ‘বাবা ক্ষমতাসীনদের সাহসিকতার সঙ্গে সত্য বলেছেন।’ ইদ্রিসুর রহমান বলেন, ‘মানবাধিকার আদায়ে সোচ্চার কণ্ঠ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই তিনজনের জীবন অনুসরণ করলে আমরাও লাভবান হব।’আসকের সাধারণ সম্পাদক জেড আই খান পান্না বলেন, গণতন্ত্র রক্ষার আন্দোলনে এই তিনজনের অবদান অসামান্য। অনুষ্ঠানের মাঝে মাঝে ছিল সংগীত ও নৃত্যপরিবেশনা।