তিন প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে রোগ নির্ণয়ের পরীক্ষা করা এবং অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে রাজধানীর মিরপুরের দুটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি হাসপাতালকে ৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ অভিযান পরিচালনা করেন।
র‍্যাব-৪–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালত প্রথমে মিরপুর ১০ নম্বর সেকশনের বি ব্লকের আলোক হেলথ কেয়ার নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখেন, সেখানে বিভিন্ন রোগ নির্ণয়ে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান ব্যবহৃত হচ্ছে। একই সঙ্গে সেখানে বিক্রয়নিষিদ্ধ ও অনুমোদনহীন ওষুধও বিক্রি করা হচ্ছে। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়। একই ধরনের অপরাধসহ বিভিন্ন অপরাধের কারণে একই এলাকায় হেলাল ডায়াগনস্টিক সেন্টার নামের আরেকটি প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এরপর আদালত ৬ নম্বর সেকশনে আজমল হাসপাতালে অভিযান চালান। সেখানে দেখা যায়, হাসপাতালটিতে অনুমোদনের চেয়ে বেশিসংখ্যক শয্যা তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্সও নেই। তা ছাড়া গত দুই বছর হাসপাতালের লাইসেন্সও নবায়ন করা হয়নি। এসব অপরাধে হাসপাতালের মালিককে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।