তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তা অধিকার ক্ষুণ্ন করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
আদালত কুড়িলে অবস্থিত শাশলিক ফ্যাক্টরিতে ফ্রিজারে একই সঙ্গে হিমায়িত মাংস, সবজি ও পনির রাখা দেখতে পায়। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে কর্মীরা হাতমোজা এবং অ্যাপ্রনবিহীনভাবে কর্মরত থাকায় আদালত তাদের ১ লাখ টাকা জরিমানা করেন।
একই এলাকায় অবস্থিত ক্যাপ্রিকর্ন ফাস্ট ফুড ফ্যাক্টরিকেও অপরিচ্ছন্ন রান্নাঘর, অস্বাস্থ্যকরভাবে কেক তৈরি, কর্মীদের ফিটনেস সার্টিফিকেট না থাকার কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পরে গুলশান-২ এ অবস্থিত সুপারশপ ইউনিমার্টে অভিযান চালিয়ে ফ্রিজারে একই সঙ্গে বিভিন্ন খাবার হিমায়িত রাখা, মেয়াদোত্তীর্ণ, পচা এবং মেয়াদ উল্লেখ না থাকা পণ্য রাখার দায়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি