তিন প্রতিষ্ঠানকে নোটিশ, লাইসেন্স স্থগিত হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন সেট আমদানিকারক তিনটি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করতে পারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: মেসার্স এম হোসাইন এন্টারপ্রাইজ, মেসার্স রাহা এন্টারপ্রাইজ ও টপস্টার এন্টারপ্রাইজ।ইতিমধ্যে ওই তিন প্রতিষ্ঠানের সব ধরনের পণ্য আমদানির ছাড়পত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে সাত দিন বা সর্বোচ্চ ১৫ দিনের সময় বেঁধে দিয়ে নকল মুঠোফোন সেট আমদানির কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি কমিশনের এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।গত ৮ এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৮৩ হাজার নকল মুঠোফোন সেট এবং এর মাত্র এক দিন পর আরও ছয় হাজার নকল মুঠোফোন সেট উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের সহযোগিতায় বিটিআরসির তিন সদস্যের একটি দল স্যামসাং, নকিয়া এবং এইচটিসি ব্র্যান্ডের নকল হ্যান্ডসেট জব্দ করে। চীন থেকে এগুলো আমদানি করা হয়। তবে এ বিষয়ে কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়নি।জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, বিটিআরসি থেকে পাঠানো চিঠির সন্তোষজনক জবাব দিতে না পারলে প্রতিষ্ঠান তিনটির লাইসেন্স বাতিল করা হবে।নকল হ্যান্ডসেট বাজারজাত প্রতিরোধের দায়িত্বে থাকা বিটিআরসির এক কর্মকর্তা জানান, গত ১০ এপ্রিল জব্দ করা সেটগুলো মেসার্স এম হোসাইন এন্টারপ্রাইজ চীন থেকে আমদানি করে। প্রতিষ্ঠানটি কিংটেল মোবাইল সেট আমদানি করার ছাড়পত্র নেয় বিটিআরসি থেকে। কিন্তু যেসব মোবাইল সেট তারা আমদানি করেছে, সেগুলোর গঠন হুবহু স্যামসাং ও নকিয়ার মতো।বাংলাদেশে স্যামসাং মুঠোফোন সেট আমদানির একমাত্র অনুমোদিত ডিলার ট্রান্সকম মোবাইল লিমিটেড। প্রতিষ্ঠানের হেড অব বিজনেস শেখ আবদুল্লাহ আকবর প্রথম আলোকে বলেন, নকল মোবাইল সেট কিনে ক্রেতারা প্রতারিত হন, ব্যবসায়ীরা হারান সুনাম এবং সরকার হয় রাজস্ববঞ্চিত।টেলিযোগাযোগের নিয়ম অনুযায়ী, হ্যান্ডসেট আমদানির আগে বিটিআরসির কাছ থেকে অনুমতি নিতে হয়। বিটিআরসির কর্মকর্তা এবং হ্যান্ডসেট ব্যবসায়ীরা জানান, আমদানিকারকদের একটি চক্র নকিয়া, স্যামসাং বা এলজি সেট আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলে সেই কাগজ দেখিয়ে চীন বা অন্য দেশ থেকে নিম্নমানের সেট আমদানি করে। এগুলোর সঙ্গে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের স্টিকার ও ট্যাগ বিদেশ থেকে আমদানি করা হয়।এদিকে নকল সেট জব্দের পর ১০ দিন পার হলেও গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। বিমানবন্দর থানার কর্তব্যরত উপপরিদর্শক নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, এ-সংক্রান্ত কোনো মামলা গতকাল মঙ্গলবার পর্যন্ত দায়ের হয়নি।