তিন প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা
বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ও ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না করে ভোজ্যতেল বাজারজাত করার দায়ে নারায়ণগঞ্জের ফতুল্লার তিনটি ভোজ্যতেল রিফাইনারি ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ অভিযান পরিচালনা করেন।
র্যাব-১০–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফতুল্লায় দাপা ইদ্রাসপুরে শ্যারিজা অয়েল রিফাইনারি লিমিটেডে অভিযান চালিয়ে দেখা যায়, পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানটি বিএসটিআই লাইসেন্স ছাড়া এবং ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না করে ভোজ্যতেল বাজারজাত করছে। তা ছাড়া তেলের পরিমাপও ঠিক নেই। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। এরপর একই এলাকায় সাউথ স্ট্যান্ড অয়েল রিফাইনারি লিমিটেড ও কামাল ভেজিটেবল অ্যান্ড অয়েল লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানে প্রায় একই ধরনের অপরাধ করে আসছিল। এ কারণে সাউথ স্ট্যান্ড অয়েল রিফাইনারি লিমিটেডের মালিককে ছয় লাখ টাকা ও অপর প্রতিষ্ঠানের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গত, ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন-২০১৩ অনুযায়ী ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ বাধ্যতামূলক।