তিন প্রতিষ্ঠানকে ১৭ লাখ টাকা জরিমানা
পরিবেশ ধ্বংসের দায়ে সিলেট, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার তিনটি প্রতিষ্ঠানকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে এই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নির্মিত আবাসিক হল তৈরির সময় টিলা কেটে ফেলার দায়ে ঠিকাদাির প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স কনসোর্টিয়াম লিমিটেডকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়।
অবৈধভাবে জলাশয় ভরাট করার অপরাধে মুন্সিগঞ্জের আমিন মোহাম্মদ রিয়েল এস্টেট কোম্পানিকে পাঁচ লাখ টাকা এবং বর্জ্য পরিশোধনাগার নির্মাণ না করে স্টিল মিল পরিচালনা করার দায়ে মেসার্স জহুরা স্টিল মিলকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর শুনানি গ্রহণ করেন।
দুই রেস্তোরাঁর জরিমানা: আদালত গুলিস্তানের রাজধানী হোটেলকে ৩০ হাজার টাকা এবং শাহবাগের নিউ মৌলী রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন। বিজ্ঞপ্তি।