তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম তৈরি এবং ভেজাল খাবার বিক্রির অপরাধে চট্টগ্রামের তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার নগরের মনসুরাবাদ, উত্তর পাহাড়তলী ও কর্নেলহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস অভিযানে নেতৃত্ব দেন। তাঁকে সহায়তা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
বিকাশ চন্দ্র দাস বলেন, মনসুরাবাদের সুমন আইসবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি খাওয়ার অনুপযোগী রং ও দূষিত পানি ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করছিল। এই প্রতিষ্ঠান থেকে ৫০০টি আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়া উত্তর পাহাড়তলী এলাকায় ইবরা ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড নামের মুড়ি তৈরির কারখানাকে মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, ওজন ও সর্বোচ্চ খুচরা মূল্য না লেখার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে কর্নেলহাটের মধুবন বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।