জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নিয়োজিত তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বিবৃতিতে বলা হয়, শিগগিরই দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশনের শীর্ষ নেতৃত্বের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। তিনি এসব প্রতিষ্ঠানে দলীয়-রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে সৎ, যোগ্য, নিরপেক্ষ এবং পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন সর্বজনগ্রাহ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান।
ইফতেখারুজ্জামান বলেন, সরকার প্রণীত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন তথা দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং তথ্য অধিকার আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে ওই তিনটি কমিশনে সঠিক নেতৃত্ব নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনটি সংস্থার কার্যকারিতা ও ভাবমূর্তি উন্নয়নে এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে তিনটি কমিশনের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সরকার দূরদর্শিতার পরিচয় দেবে বলে টিআইবি আশা করে।
ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট আইন বা বিধির কোনো প্রকার ব্যত্যয় না করে এবং দলীয় রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে ওই তিনটি কমিশনে নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠায় সরকার তার অঙ্গীকার পূরণে সদিচ্ছার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করবে, আমরা এই প্রত্যাশা করি।’