পদ্মা সেতু প্রকল্পের অধীনে মূল সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। কারিগরিভাবে যোগ্য তিনটি প্রতিষ্ঠানকে আগামী ৩ এপ্রিলের মধ্যে আর্থিক প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার সেতু ভবনে এক বৈঠকের পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ৫ মার্চ তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে আর্থিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে চীনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, দক্ষিণ কোরিয়ার ডায়েলিম-এলঅ্যান্ডটি (যৌথ) ও স্যামসাং সিঅ্যান্ডটি করপোরেশন। আগামী ৩ এপ্রিল আর্থিক প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন।
সেতু বিভাগ সূত্র বলেছে, আর্থিক প্রস্তাব পেলেই এ বিভাগের দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা নির্বাচন করবে। এরপরই সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে চূড়ান্ত কার্যাদেশ দেওয়া হবে।
যোগাযোগমন্ত্রী জানান, গত ২০ ফেব্রুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান তিনটি তাদের কারিগরি প্রস্তাব জমা দিয়েছিল। তা মূল্যায়নের পর এখন আর্থিক প্রস্তাব আহ্বান করা হয়েছে।