তিন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যে র‍্যাবের সংশ্লিষ্টতার বর্ণনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় একজন বিচারক এবং অপহরণের ঘটনার তিন প্রত্যক্ষদর্শীসহ ছয়জন গতকাল সোমবার আদালতে সাক্ষ্য দিয়েছেন। আদালত আগামী ৬ জুন সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।
এ নিয়ে এই মামলায় ১৫ কার্যদিবসে মোট ৬৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। মামলায় মোট ১২৭ জনকে সাক্ষী করা হয়েছে।
জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গতকাল সাক্ষ্য দেওয়া ছয়জনের মধ্যে একজন নারায়ণগঞ্জের তৎকালীন প্রধান বিচারিক হাকিম যাবিদ হোসেন। প্রত্যক্ষদর্শী তিনজন হলেন মোয়াজ্জেম হোসেন, শহীদুল ইসলাম ও তাঁর মেয়ে রাবেয়া আক্তার। বাকি দুজন হলেন ব্যবসায়ী শাহজাহান ও মতিন হাওলাদার।
মামলার প্রধান আসামি নূর হোসেন, র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষ্যে শহীদুল ইসলাম বলেন, ঘটনার দিন কলেজ থেকে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন তিনি। বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের একটু সামনে সিটি করপোরেশনের ময়লা ডাম্পিংয়ের সামনে পৌঁছে দেখেন, র‍্যাবের পোশাক পরা এবং সাদাপোশাকের কয়েকজন ব্যক্তি অস্ত্র হাতে এদিক-ওদিক দাঁড়িয়ে আছেন। সেখানে র‍্যাবের দুটি গাড়ি, সাদা রঙের একটি প্রাইভেট কার, একটি সিলভার রঙের হাইয়েস মাইক্রোবাস এবং একটি কালো রঙের প্রাইভেট কার রয়েছে। হাতে পিস্তল নিয়ে সাদা গেঞ্জি পরা এক ব্যক্তি সাদা রঙের প্রাইভেট কারটি থেকে সাদা পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে হাইয়েস মাইক্রোবাসে তুলছিলেন।
শহীদুল ইসলাম বলেন, ‘এ দৃশ্য দেখে আমি মোটরসাইকেলটি থামিয়ে সাদাপোশাকে থাকা এক র্যা ব সদস্যকে জিজ্ঞেস করি, দাদা এখানে কী হয়েছে? উত্তরে ওই র্যা ব সদস্য আমাকে ধমক দিয়ে বলে, যা বেটা ভাগ, ফোট। ওই র্যা ব সদস্যের ধমকে আমি মেয়েকে নিয়ে ২০-৫০ গজ সামনে এগিয়ে যাবার পর কৌতূহলবশত আবারও মোটরসাইকেল থামিয়ে পেছনে তাকাই। দেখি, সাদা ও কালো রঙের প্রাইভেট কার থেকে বেশ কয়েকজনকে অস্ত্রের মুখে নামিয়ে হাইয়েস মাইক্রোবাসটিতে তোলা হচ্ছে।’ ঘটনার অপর প্রত্যক্ষদর্শী শহীদুল ইসলামের মেয়ে রাবেয়া আক্তারও আদালতে বাবার মতো একই বক্তব্য দেয়।
প্রত্যক্ষদর্শী অপর সাক্ষী মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনার দিন তিনি সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে একটি বাসে চড়ে নারায়ণগঞ্জ আদালতে আসছিলেন। বাসটি খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে আসার পর দেখতে পান, র‍্যাবের লোকজন সেখানে একটি সাদা রঙের প্রাইভেট কার থেকে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে নামিয়ে চুলের মুঠি ধরে মাইক্রোবাসে তুলছেন।
অপর সাক্ষী ব্যবসায়ী শাহজাহান বলেন, তিনি সিদ্ধিরগঞ্জের সোনা মিয়া মার্কেটে পুরোনো প্লাস্টিকের বস্তা কেনাবেচার ব্যবসা করেন। ঘটনার দিন ২০১৪ সালের ২৭ এপ্রিল বিকেলে দুজন তাঁর দোকান থেকে ১৬টি প্লাস্টিকের বস্তা কিনে নিয়ে যান। একই মার্কেটের ব্যবসায়ী মতিন হাওলাদার বলেন, একই দিন দুজন তাঁর দোকান থেকে পাঁচ কেজি পাটের রশি এবং দুই কেজি সুতলি কেনেন। কিছুদিন পর বস্তা, পাটের রশি ও সুতলি ক্রয়কারী ব্যক্তিদের নিয়ে ডিবি পুলিশ তাঁদের দোকানে যায় এবং জানতে চায় এরাই তাঁদের দোকান থেকে বস্তা, রশি ও সুতলি কিনেছিল কি না। এ ঘটনায় পরে তাঁরা আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম একটি মামলা এবং নিহত জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি মামলা করেন।